সোনারগাঁয়ে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্যাচাইন, সিংলারসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক শ বিঘা কৃষি জমি নষ্ট করে সেখানকার মাটি ইটভাটায় কেটে নিয়ে যাচ্ছে একশ্রেণীর অসাধু ব্যক্তি। জমির ওপরের অংশের তিন থেকে চার ফুট করে মাটি কেটে নেওয়ায় জমিগুলোতে ফসল উৎপাদন কমে গেছে। তিন ফসলের জমিতে এখন একটি ফসল আবাদ করাই কঠিন হয়ে পড়েছে। কৃষকেরা বারবার প্রতিরোধ করেও মাটিকাটা বন্ধ করতে পারছে না। সরেজমিনে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।প্যাচাইন গ্রামের কৃষক শহিদুল্লা (৫৫) বলেন, তিনি তিন বিঘা জমি থেকে এক বিঘা জমির মাটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। দুই ফুট গভীরতায় ওই জমির মাটি কাটার কথা থাকলেও কাটা হয়েছে চার ফুট। ফলে জমিতে আবাদ করা যাচ্ছে না। মাটি কাটার ফলে জমিতে গর্ত হয়ে পানি জমে আছে। তার জমির পাশে এভাবে পড়ে রয়েছে আরও অনেক জমি।একই গ্রামের কৃষক আবদুল লতিফ (৪০) তাঁর ফসলি জমি নিয়ে শঙ্কায় আছেন। আশপাশের জমির মাটি তিন থেকে চার ফুট করে কেটে নেওয়া হয়েছে। তাঁর ১৪ বিঘা জমির মাটি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে। কৃষক আবদুল কাদের মিয়ার (৬০) ফসলি জমির আশপাশের জমি কেটে নেওয়া হয়েছে। ফলে তাঁর জমিও হুমকির মুখে পড়েছে। সিংলার গ্রামের কৃষক মোতাহার হোসেন (৩৫) বলেন, তিনি প্রতিবছর চার বিঘা জমিতে বোরো আবাদ করেন। পাশের জমি দিয়ে মাটির ট্রাক চলাচল করায় এবার ফসল নিয়ে সংকটে পড়েছেন তিনি। আগে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ ধান হলেও এখন ১০ মণের বেশি পাওয়া যায় না। আগে রবি ফসল আবাদ করা যেত, এখন তা আবাদ করা যায় না। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের প্যাচাইন ও সিংলার গ্রাম ঘুরে দেখা গেছে, ওই এলাকার কয়েক শ বিঘা কৃষি জমির ওপর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। উঁচু সড়কে দাঁড়িয়ে মাঠের দিকে তাকালে ফসলি জমির বদলে দেখা যায় বড় বড় গর্ত। ফসলি মাঠ যেন পুকুর-ডোবায় পরিণত হয়েছে।সিংলার গ্রাম ঘুরে প্যাচাইন গ্রামে প্রবেশপথে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে দেখা হয়। তাঁদের অভিযোগ, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকার ইটভাটার ঠিকাদারেরা প্যাচাইন গ্রামের কয়েক শ বিঘা ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। কৃষকেরা মাটি বিক্রি করতে না চাইলেও বিভিন্নভাবে তাঁদের বাধ্য করা হচ্ছে। অভিযোগকারীদের অনেকেই এই ঘটনার জন্য মাটিকাটা ঠিকাদার হিসেবে পরিচিত সাগর চৌধুরীকে দায়ী করেন।এলাকাবাসী জানান, কৃষি জমির মাটি কেনার জন্য ঠিকাদারেরা স্থানীয় দালালদের পাঠান কৃষকদের কাছে। দালালেরা কৃষককে রাজি করানোর পর দরদাম ঠিক হয়। দুই ফুট গভীরতায় একবিঘা জমির মাটির দাম ৫০ থেকে ৭০ হাজার টাকা। এ জন্য অধিকাংশ ক্ষেত্রে লিখিত চুক্তি না থাকায় কৃষকেরা চুক্তি অনুযায়ী টাকা পান না। আবার দুই ফুট মাটি কাটার কথা থাকলেও অনেক সময় কেটে নেওয়া হয় তিন-চার ফুট।অভিযোগ অস্বীকার করে সাগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। এলাকায় কিছু লোক আছে, তারাই এসব করে। তবে এ নিয়ে এলাকায় যাতে কোনো বিবাদ না হয়, সে ব্যাপারে আমি বিভিন্ন সময় উদ্যোগ নিই। এ থেকে আমি কোনো আর্থিক সুবিধা নিই না।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরছিয়া কমল প্রথম আলোকে বলেন, ‘কৃষি জমি থেকে মাটিকাটা নিয়ে প্যাচাইন এলাকার কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় পুলিশ বিভাগকে বলা হয়েছে।’কৃষক আবদুল কাদের জানান, দু-তিন বছর ধরে এই এলাকায় মাটি বিক্রির প্রবণতা অস্বাভাবিক বেড়েছে। ফলে এ এলাকায় ফসল কমে গেছে।কৃষক মোশাররফ হোসেন বলেন, ১০ থেকে ১৫ বছর আগে এলাকায় রবি, ইরি ও আমন—তিন ফসল হতো। প্যাচাইন মৌজার প্রায় সব জমির ওপর থেকে দুই-তিন বার মাটিকাটা হয়েছে। তাই আবাদ কমে গেছে। এই মৌজায় একসময় প্রায় ২৫০ বিঘা জমিতে ইরির আবাদ হলেও এখন তা ৫০ বিঘায় নেমে এসেছে। আগে বিঘাপ্রতি ২০-২৫ মণ ফলন হলেও এখন ফলন হয় পাঁচ-সাত মণ।কৃষি উৎপাদন বাড়াতে সেচ সহায়তায় প্যাচাইন মৌজার জন্য বিএডিসির দেওয়া গভীর নলকূপের চালক আবুল হাশেম বলেন, ‘২০ বছর ধরে এই প্রকল্প চলছে। এলাকায় ইরি আবাদ বাড়াতে প্রকল্পটি নেওয়া হয়েছিল। একসময় এলাকার ২০০-২৫০ বিঘা জমিতে সেচ দেওয়া হতো এ গভীর নলকূপ দিয়ে। এখন ৫০ বিঘার বেশি জমিতে সেচ দেওয়া যায় না। মাটিকাটা নিয়ে এ বিরোধের কারণে নলকূপের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রাখা হচ্ছে। এলাকায় এখন সেচ দেওয়া যাচ্ছে না। কৃষকেরা জানান, এলাকাবাসী বেশ কয়েকবার প্রতিবাদ করেও মাটিকাটা বন্ধ করতে পারেনি। নামমাত্র মূল্যে জোর করে কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ এনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘মাটিকাটার ঘটনায় এলাকার সব মানুষ ক্ষুব্ধ। এত দিন তাঁরা কোনো প্রতিবাদ করেননি। এখন ঘর থেকে বেরিয়ে এসেছেন। স্থানীয়ভাবে সমস্যা সমাধান করতে না পেরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আইনি সহায়তা চাই।’ সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আবাদি জমি থেকে উর্বর মাটি কেটে নেওয়ায় পেচাইন এলাকার কৃষি একেবারেই শেষ হয়ে গেছে। আগে বিভিন্ন ধরনের ফসল হলেও এখন তা নেই। অনেক জমি পতিত পড়ে থাকছে। আমরা বহুবার মাটিকাটা প্রতিরোধ করার চেষ্টা করেও পারিনি। আমাদের কিছু করার নেই। ওপর থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে এটা বন্ধ হবে না।’