নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও গ্রামের শিশু সোয়াইদ হোসেনকে (৫) অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বুধবার দিনভর উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। অবরোধ করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ কালো ব্যাজ পরে এবং ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ-সমাবেশে অংশ নেন। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকায় অবরোধ করেন। পরে পুলিশ এসে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টায় তাঁরা অবরোধ তুলে নেন।পুলিশ ও শিশুর পরিবারের ভাষ্যমতে, মঙ্গলেরগাঁও গ্রামের মাসুম মিয়ার ছেলে মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইদকে পাখির লোভ দেখিয়ে ২০ ফেব্রুয়ারি অপহরণের পর হত্যা করা হয়। ছয় দিন পর গত মঙ্গলবার স্থানীয় একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন সোয়াইদের বাবা মাসুম মিয়া। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, এলাকায় ‘ভাগিনা গ্রুপ’ হিসেবে পরিচিত সন্ত্রাসী দলের সদস্যরা তাঁর ছেলেকে অপহরণের পর হত্যা করে। তাঁর মাদ্রাসাপড়ুয়া মেয়ে ওই দলের সদস্য আবদুর রহিমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁর ছেলেকে অপহরণের পর হত্যা করা হয়।মামলার আসামিরা হলেন নাসিরউদ্দিন, ইকবাল মিয়া, এমদাদ হোসেন, মাজহারুল ইসলাম, আবদুল খালেক, আবদুর রহিম, আবদুস সালাম, রাজু মিয়া, সুমন মিয়া, রুহুল আমিন, রিনা আক্তার, মোশারফ হোসেন ও আমির হোসেন। পুলিশ ইতিমধ্যে নাসিরউদ্দিন ও আবদুল খালেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। অন্য আসামিরা পলাতক।গতকাল সোয়াইদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। সোয়াইদের মা-বাবা ও আত্মীয়স্বজনের কান্না কিছুতেই থামছে না। তাঁদের সান্ত্বনা দিতে আসা লোকজনও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।পুলিশ জানায়, ভাগিনা গ্রুপের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ১০টি মামলার বিচার চলছে।ভাগিনা গ্রুপের উত্থান ও কিছু কার্যকলাপ: থানার নথিপত্র পর্যালোচনা করে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল থেকে ৩৫ বছর আগে আবদুল খালেক মঙ্গলেরগাঁও গ্রামে এসে রুহুল আমিন নামের এক ব্যক্তির বোনকে বিয়ে করেন। খালেকের চার ছেলের সবাই সন্ত্রাসী। রুহুল আমিনের ভাগিনা হওয়ার সূত্র ধরে তাঁরা ভাগিনা গ্রুপ বলে পরিচিত হয়ে ওঠেন।২০১০ সালের ২৮ মে লালমনিরহাট থেকে চাচার সঙ্গে কলেজছাত্রী সহোদর দুই বোন মঙ্গলেরগাঁও গ্রামে বেড়াতে আসার পর চাচাকে গাছের সঙ্গে বেঁধে ওই ছাত্রীদের পালাক্রমে ধর্ষণ করেন গ্রুপের সদস্য খোকন মিয়া, এমদাদ হোসেন, ইকবাল মিয়াসহ সহযোগীরা। এ সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।এ ছাড়া ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি চাঁদার দাবিতে গ্রামের আবদুল কাদিরের বাড়ি ভাঙচুর ও লুটপাট, ২০১০ সালের ৪ নভেম্বর স্থানীয় কৃষক আবদুল মান্নানের বাড়িতে লুটপাট এবং ৩০ ডিসেম্বর স্থানীয় এক স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে গ্রুপের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা হয়।