সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলা ও গণপিটুনিতে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেচাইন গ্রামে গত বৃহস্পতিবার দুই দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে উপজেলার রূপনগর গ্রামে একই দিন দিবাগত রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। অন্যদিকে জামপুর ইউনিয়নের বস্তল এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামের টুকু মিয়ার ছেলে আল-আমিন (২৪) ও তাঁর মামাতো ভাই ফজল মিয়ার ছেলে মো. আল-আমিনকে (২২) পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁদের একজন রাতে হাসপাতালে মারা যান। অন্য জনের লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়।নিহত আল-আমিনের ভাই শাহ আলম বলেন, বৃহস্পতিবার তাঁর ভাই আল-আমিন এবং তাঁর মামাতো ভাই মো. আল-আমিন ও প্রতিবেশী মোমেন মিয়া পাশের গ্রামে মাটি কাটার কাজ শেষে সন্ধ্যায় বাড়ির পাশে নিচু জমিতে মাছ ধরতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা ও জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সালামের নেতৃত্বে একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় মো. আল-আমিনের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে রাত আটটার দিকে আহত মো. আল-আমিন ক্লিনিকে মারা যান। গতকাল সকালে গ্রামের একটি জমি থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আল-আমিনের বড় ভাই মোবারক হোসেন ইউপি সদস্য আবদুস সালামকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে পেচাইন গ্রামে অভিযান চালিয়ে মোতালেব, কাদির, আহসান উল্লাহ ও মোজম্মেল নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওসি ইউনুস আলী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার (আজ) আদালতে পাঠানো হবে।এদিকে এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের রূপনগর গ্রামে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হানা দেয়। এ সময় মহিউদ্দিনের স্ত্রী বাড়িতে ছিলেন না। ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে ডাকাত সর্দার ফরিদ (২৫), ফারুক (২০), আনোয়ার (২১), সেকান্দারকে (৩৫) ধরে গণপিটুনি দেয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফারুক ও ফরিদ মারা যান।অন্যদিকে জামপুর ইউনিয়নের বস্তল এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তিনি জানান, এ ঘটনায় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।