সোনারগাঁয়ে বালু-সন্ত্রাস, বিপন্ন চর, জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বালু তুলে চর ধ্বংস করা বাধা দিতে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেকের বাসিন্দারা। স্থানীয় ছাত্রলীগের নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মেঘনা নদীতে জেগে ওঠা নুনেরটেক চর কার্যত কেটে নিয়ে যাচ্ছে। ছয় মাস ধরে তারা রাতের বেলায় চরসংলগ্ন নদীর তীর থেকে ড্রেজার দিয়ে বালু তুলছে আর চর দেবে নদীতে হারিয়ে যাচ্ছে। চরের বাসিন্দারা বসতবাড়িসহ নিজেদের অস্তিত্ব রক্ষায় বাধা দিতে গেলে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে বালু উত্তোলনকারীরা। মামলায় আসামি করা হয়েছে জেলা প্রশাসনের গঠন করা বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্যদেরও। এ অবস্থায় পুলিশের ভয় ও বালু-সন্ত্রাসীদের হুমকিতে নিরীহ বাসিন্দারা বাড়িতে ঘুমাতেও পারছে না।সরেজমিনে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধভাবে বালু তোলার সঙ্গে জড়িত আছেন সোনারগাঁ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সোনারগাঁয়ের উদ্ধব গ্রামের বাসিন্দা আবু নাইম ইকবাল। তাঁদের সহায়তা করছেন নুনেরটেকের ওসমান গনি, আবদুল লতিফ, জাকারিয়া, তারা মিয়া, আলম, সানাউল্লাহ প্রমুখ। তাঁরাও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করেন। এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বালু উত্তোলন-প্রক্রিয়া তত্ত্বাবধান করেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচরের হাবিল্লাহ ওরফে ডাকাত হাবিবুল্লাহ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মেঘনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রতন শিকদার। জেলা প্রশাসন সূত্র জানায়, সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে তিনটি বালুমহাল আছে। এগুলো ইজারা নিয়েছেন আবু নাইম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও আবু হানিফ। পার্শ্ববর্তী মেঘনা উপজেলার অধীনে একটি বালুমহাল ইজারা নিয়েছেন সেখানকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও রতন শিকদার। নুনেরটেক চরটি মেঘনা থানার বালুমহালের কাছাকাছি। মাস ছয়েক আগে রতন শিকদার ও আবদুস সালামরা নুনেরটেকে বালু উত্তোলন করার উদ্যোগ নিলে ইকবাল ও মোস্তাফিজুর রহমান হস্তক্ষেপ করেন। পরে দুই পক্ষ সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নুনেরটেকে বালু উত্তোলন শুরু করে। নুনেরটেকের বাসিন্দারা জানায়, চরে তারা ফসল ফলাচ্ছে, বসবাস করছে। তাই তারা বালু তোলার প্রতিবাদ করে। একপর্যায়ে ১০ ডিসেম্বর গ্রামবাসী ও বালু উত্তোলনকারীদের মধ্যে মারামারি হয় এবং কয়েকজন আহত হয়। ওই দিন রাতেই নুনেরটেক গ্রামের ১২ জনকে আসামি করে বালু উত্তোলনকারীদের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা করা হয়। একই দিন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সূবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের করা বালু উত্তোলন প্রতিরোধ কমিটির উপদেষ্টা শাহেদ কায়েসসহ নুুুনেরটেক গ্রামের আটজনকে আসামি করে কুমিল্লার মেঘনা থানায় আরেকটি মামলা করা হয়। যদিও ঘটনাস্থল সোনারগাঁ, তবু মেঘনা থানা মামলাটি গ্রহণ করে। মামলার পর থেকে চরের বাসিন্দারা পালিয়ে বেড়াচ্ছে। বালু উত্তোলনকারী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর বালুমহালগুলো প্রতিবছরই কিছু ব্যবসায়ীরা ইজারা নেন। এরপর স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে নেন তাঁরা। প্রভাবশালীদের বিনা পুঁজিতে অংশীদার করে নির্দিষ্ট এলাকার বাইরে থেকেও বালু উত্তোলন করেন তাঁরা। এ ক্ষেত্রে ভূমি অফিস, পুলিশও নির্দিষ্ট হারে টাকার ভাগ পায়। একজন ইজারাদার জানান, বালুমহাল থেকে বালু উত্তোলনে বেশি খরচ পড়ে এবং বালুও ওঠে কম। কিন্তু চর থেকে বালু তুলতে খরচ কম এবং বালুও পাওয়া যায় বেশি। এ জন্য সবাই চরগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে। সোনারগাঁয়ের নুনেরটেক চারদিকে নদীবেষ্টিত একটি চর। গ্রামের লোকসংখ্যা প্রায় ১২ হাজার। গুচ্ছগ্রাম, রগুনার চর, সবুজবাগ—এই কয়টি মহল্লা মিলে নুনেরটেকের একাংশ মায়াদ্বীপ নামেও পরিচিত। মায়াদ্বীপে প্রায় সাড়ে ৪০০ পরিবারের বসবাস। এই মায়াদ্বীপের পাশ থেকে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলন করায় চর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বালু-সন্ত্রাসের কারণে বিপন্ন হয়ে পড়ছে চরের ভূগঠন ও জনজীবন। চরের যে অংশে বালু তোলা হচ্ছে, সেদিকে তৈরি হয়েছে বিশাল গর্ত। আবাদি জমি দেবে-ভেঙে নদীতে হারিয়ে যাচ্ছে। গ্রামের বাসিন্দাদের দাবি, এভাবে চলতে থাকলে বসতবাড়িগুলোও নদীগর্ভে তলিয়ে যাবে। নুনেরটেকের বাসিন্দা মো. জিলানী অভিযোগ বলেন, ছয় মাস আগে অবৈধভাবে চরের বালু কাটা শুরু হয়েছে। রাত ১২টার পর ৩০-৪০টি ড্রেজার একযোগে বালু কেটে নিয়ে যায়। আরেক বাসিন্দা আবদুল মতিন জানান, যে জমিতে তাঁরা চাষবাস করতেন, সেই জমি এখন নদীর পেটে চলে গেছে। গত বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, অন্তত ১০টি ড্রেজার বালু তুলছে। দিনে এগুলো নদী থেকে এবং রাতে চরের পাশ থেকে বালু তুলে থাকে। রাতে যে জায়গা দেখে গ্রামবাসী ঘুমাতে যায়, সকালে ওঠে তার অনেকটাই আর খুঁজে পায় না বলে জানান কয়েকজন গ্রামবাসী। বালু উত্তোলনকারী সোনারগাঁ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা ফসলি জমির বালু তুলছেন না, নদী থেকেই বালু তুলছেন। তিনি স্বীকার করেন, ঝামেলা এড়ানোর জন্য মেঘনার আবদুস সালাম, রতন শিকদার, সোনারগাঁয়ের আবু নাইম ইকবাল ও তিনি মিলিতভাবেই বালু তুলছেন। তবে গতরাতে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা আবদুস সালাম দাবি করেন, তিনি সোনারগাঁয়ের বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নুনেরটেকের আশপাশে বালু উত্তোলনের জন্য কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু গত মাসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান সরেজমিনে পরিদর্শন করে গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে তা বন্ধের নির্দেশ দেন। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ২১ সদস্যবিশিষ্ট বালু উত্তোলন প্রতিরোধ কমিটিও গঠন করে দেন জেলা প্রশাসক। ওই কমিটির কাজ তদারক করার জন্য করা হয় তিন সদস্যের উপদেষ্টা কমিটি। গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু তোলায় বাধা দিতে গিয়ে তাঁরা এখন মামলার আসামি। ছাত্রলীগের নেতা আবু নাইম ইকবাল দাবি করেন, তিনি দেওভোগ এলাকায় বালুমহাল ইজারা নিয়েছেন। নুনেরটেক চর থেকে বালু তুলছেন না। তারপরও গ্রামবাসী তাঁর শ্রমিকদের ওপর আক্রমণ করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ জন্য মামলা করেছেন তিনি। তবে মামলার বাদী তিনি হননি। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান প্রথম আলোকে বলেন, নুনেরটেকের পাশে দুটি বালুমহাল আছে। সেগুলো ইজারা দেওয়া হয় না। কারণ এগুলো ইজারা দিলে ইজারাদারেরা রাতের আঁধারে চরের ফসলি জমি কেটে নিয়ে যায়। কিন্তু প্রশাসন যে ভয়ে এগুলো ইজারা দেয়নি, সেই কাজই হচ্ছে। তিনি বলেন, ‘অনেক বালুচোর জমি কাটছে। আমি প্রতিরোধ কমিটি করে দিয়েছি। বাসিন্দারা স্মারকলিপি দিয়েছে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি।’