নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রপ্তানিমুখী পোশাক কারখানা এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা গতকাল সোমবার সকালে হাজিরা বোনাস চালুর দাবিতে প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা ৩০টি গাড়ি ভাঙচুর করেন এবং দুটি মোটর-সাইকেলসহ স্থানীয় পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯৮টি ফাঁকা গুলি ও বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উল্লিখিত দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা ওই প্রতিষ্ঠানের ভেতর ঢুকে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় কারখানা ভবনের প্রথম থেকে শুরু করে পঞ্চম তলা পর্যন্ত ব্যাপক ভাঙচুর চালিয়ে তাঁরা মালামাল লুট করেন। খবর পেয়ে কাঁচপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে ক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা ফাঁড়ির ভেতর গিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন। শ্রমিকেরা ফটক ভেঙে ভেতরে ঢুকে কেরোসিন ঢেলে ফাঁড়ির ক্যাম্পে আগুন ধরিয়ে দেন। পুলিশ সদস্যরা ক্যাম্প ছেড়ে দৌড়ে পাশেরএকটি ভবনের ভেতর গিয়ে আশ্রয় নেন। শ্রমিকেরা ফাঁড়ির সামনে রাখা ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের ব্যবহূত মোটরসাইকেল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর-এর সোনারগাঁ প্রতিনিধি আহসান হাবিবের মোটরসাইকেল পুড়িয়ে দেন।সকাল আটটার দিকে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা এ সময় ওই সড়কে ২৫টি যাত্রীবাহী গাড়ি ভাঙচুর করেন। একই সময় কিছু শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর শ্রমিকেরা তাদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান জানান, ১৯৮টি ফাঁকা গুলি ও ১৬টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের ইটপাটকেলে ওসি ইউনুস আলী, থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অরূপ তরফদার, এসআই রেজাউল হকসহ ২০ জন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া কারখানার শ্রমিক শ্যামলী (৩০), সোমা (২৫), রোজিনা (২০), রুনা (৪৫), শিলা (২৮), হূদয়সহ (২৩) ১৫ জন শ্রমিক ও ১০ জন পথচারী আহত হন। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কারখানার কোনো বেতন-ভাতা বকেয়া নেই। বহিরাগত কিছু লোকের ইন্ধনে কিছু শ্রমিক পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এই হামলার ঘটনার সঙ্গে বহিরাগত ব্যক্তিরা জড়িত। কারখানার কয়েক কোটি টাকার মালামাল ভাঙচুর ও লুটপাট হয়েছে।’সোনারগাঁ থানায় গ্রেপ্তার হওয়া নারীশ্রমিক রুমানা আক্তার (২৫) বলেন, ‘হাজিরা বোনাসের দাবিতে কিছু শ্রমিক ভাঙচুর ও লুটপাট করে। কিন্তু আমি এই আন্দোলনের সঙ্গে জড়িত নই। পুলিশ আমাকে অযথা গ্রেপ্তার করেছে।’ শ্রমিক আবদুর রশীদ বলেন, ‘কিছু শ্রমিক বহিরাগতদের নিয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। বেশির ভাগ শ্রমিক এর সঙ্গে জড়িত নয়।’ফাঁড়ি ও পুলিশের গাড়িতে আগুন লাগানোসহ যানবাহন ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ১৩ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় এসআই আবুল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচ হাজার লোককে আসামি করে থানায় মামলা করেছেন। ওই ১৩ জন শ্রমিককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।সোনারগাঁ থানার ওসি জানান, এসকোয়্যার নিট কম্পোজিটের উপমহাব্যবস্থাপক এ এস এম হাফিজুর রহমান তাঁদের প্রতিষ্ঠানে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।