সোনারগাঁয়ে শ্রমিকদের ওপর সন্ত্রাসীদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পোশাকশ্রমিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় জিয়াউল হক (২৫) নামের এক ব্যক্তি নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকায সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা টেক্সটাইল মিলের শ্রমিকেরা তাঁদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা শ্রমিক সামসুদ্দিন ওরফে সামছু এবং তাঁর ছেলে জিয়াউল হকের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জিয়াউলকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন অনেক শান্ত। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।