সোনারগাঁয়ে হাজি সেলিমের বিরুদ্ধে কৃষকদের জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট শিল্পনগরী এলাকার বাসিন্দারা আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছে। এ অভিযোগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে তারা স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান জানান, কৃষকদের জমি কেউ দখল করে থাকলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর অভিযোগ, মেঘনা ঘাট শিল্পনগরী এলাকার চর রমজান সোনাউল্লাহ মৌজায় কয়েক বছর আগে মদিনা গ্রুপ স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে ১০ বিঘা জমি কেনে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাজি সেলিমের অনুগত দলীয় কর্মীরা মদিনা গ্রুপের কাছে জমি বিক্রি করতে গ্রামবাসীর ওপর চাপ সৃষ্টি করেন। গ্রামবাসী এতে রাজি না হওয়ায় এক সপ্তাহ ধরে মেঘনা ঘাট এলাকায় গ্রামবাসীর ফসলি জমি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে দখল করছে মদিনা গ্রুপ। এতে সহযোগিতা করছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক দুজন ইউপি সদস্য নাছিরউদ্দিন ও আলী আকবর। তাঁদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।গত শুক্রবার ওই এলাকার গঙ্গানগর গ্রামে গিয়ে দেখা যায়, চারটি ড্রেজারের সাহায্যে গ্রামবাসীর ফসলি জমির ওপর বালু ফেলা হচ্ছে। বালু ভরাট করে জমি দখল করার কাজ তদারক করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গ্রামের বাসিন্দা রফিক (৫৫) ও সাহেরবানু (৬০) বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের বাপ-দাদার সম্পত্তি দখল করে নিচ্ছে।’গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘আমি নিজে আওয়ামী লীগের সমর্থক হয়েও আমার জমি রক্ষা করতে পারিনি। এর মধ্যে আমাদের দলের ক্যাডাররা সিন্ডিকেট করে আমার ৪৭ শতাংশ জমি বালু দিয়ে ভরাট করে দখল করেছে।’গ্রামবাসী বাদশা মিয়া বলেন, ‘এসব জমির মালিকদের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) স্মারকলিপি দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের খবর নিতে আসেননি, অবৈধ দখলও বন্ধ হয়নি।’ শফিউদ্দিন বলেন, ‘আমি বাদী হয়ে দখলদার মদিনা গ্রুপের মালিক হাজি সেলিম ও নাছিরের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এখন সন্ত্রাসীদের ভয়ে রাতে বাড়িতে ঘুমাতে পারি না। আমাকেসহ গ্রামবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির সাজানো মামলা দেওয়ার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।’এ ব্যাপারে নাছিরউদ্দিন ও আলী আকবর বলেন, ‘আমরা মদিনা গ্রুপের বালু ভরাটের কাজ পেয়েছি। কিছু কৃষকের জমি যে বালুতে ভরাট হয়ে যাচ্ছে, এ কথা সত্য। বালু ভরাটের পর কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে জমিগুলো কিনে নেওয়া হবে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গঙ্গানগরে গ্রামবাসীর জমি দখল করে নেওয়ার অভিযোগে হাজি সেলিমসহ দুজনের বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। বাদী ও বিবাদী দুই পক্ষকে থানায় হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। দখল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদারেরা তা মানছেন না। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমার কেনা জমিতে বালু ফেলতে আমি নির্দেশ দিয়েছিলাম। কেউ জোর করে কৃষকদের জমি বালু ভরাটের মাধ্যমে দখল করছে বলে আমার জানা নেই।’সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয় নেতা-কর্মীরা কৃষকদের জমি দখলের সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।