সোনারুর খোঁজ
একসময় ফরমায়েশ দিয়ে বানানো হতো ঢাকাই নারীর পছন্দসই স্বর্ণালংকার। রাত-দিন খেটেখুটে সোনারুরা বানাতেন মনোহর সব অলংকার। এখন যুগ পাল্টেছে। ফরমায়েশ দিয়ে অলংকার বানানোর রীতি কমে যাচ্ছে। বিক্রয়কেন্দ্রের তৈরি স্বর্ণালংকারের দিকে ফ্যাশন-সচেতনদের ঝোঁক বাড়ছে। অন্যদিকে স্বর্ণালংকারের ধরন-ধারণেও এসেছে পরিবর্তন। রুপার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া অলংকারের চাহিদা বাড়ছে দিন দিন। সময়ের সঙ্গে তাল মিলিয়েই টিকে থাকতে হচ্ছে ঢাকাই সোনারু সম্প্রদায়কে। তাঁদের খোঁজ নিয়েছেন আজহার হোসেনতাঁতীবাজারের দিনরাত্রিতাঁতীবাজারের বাঁশিচরণ সেন পোদ্দার লেনে কথা হয় সোনারু গোবিন্দ ধরের সঙ্গে। তিনি স্বর্ণে নকশার কাজ করছেন দুই যুগেরও বেশি সময় ধরে। ধামরাইয়ের এই বাসিন্দা প্রতিদিন তাঁতীবাজারে আসেন অলংকারের নকশার ফরমায়েশ নিতে। একসময় ধামরাই থেকে অনেক সোনারু তাঁতীবাজারে কাজের ফরমায়েশ নিতে আসতেন বলে জানান গোবিন্দ ধর। আরও জানান, তিনি একসময় দোকানের স্থায়ী কারিগর ছিলেন। এখন দোকানে দোকানে ঘুরে অলংকারের ফরমায়েশ নেন। এক ভরি স্বর্ণালংকার বানাতে মজুরি পান তিন হাজার ৫০০ থেকে চার হাজার টাকা। তাঁদের কাজ হচ্ছে স্বর্ণে পাথর বসানো, ঝুল কাটা, পলিশ ও প্রলেপ দেওয়া। ‘একজন সোনারু মজুরি পান খুব সামান্য। সপ্তাহে তিন ভরি অলংকার তৈরি করতে পারলে সপ্তাহটা ভালো যায়। না হলে এই বাজারে চলা দায় হয়ে পড়ে।’ বলেন গোবিন্দ ধর।তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জন ধর জানালেন আরেক তথ্য। তিনি জানান, ৩০ বছর ধরে সোনারুর কাজ করছেন তিনি। চোখের সমস্যায় সূক্ষ্ম নকশার কাজ এখন আর ঠিকমতো করতে পারেন না। তাই এই কাজ ছেড়ে দিয়েছেন। থিতু হয়েছেন স্বর্ণ ব্যবসায়।রঞ্জন ধরের কথার সূত্র ধরে তাঁতীবাজারের মধুসূদন ঘোষের ভাষ্য, সোনা গলাতে হয় আগুনে। তার ওপর মুখে বাঁকনল ঢুকিয়ে ক্রমাগত ফুঁ দিতে হয়। এই কাজের সময় ঘরে পাখা চালানো যায় না। মনোযোগ সরে গেলে কাজের মান কমে যায়। ভুলভ্রান্তি হলে আবার শুরু থেকে করতে হবে। সব মিলিয়ে প্রচণ্ড চাপের কাজ। তাই তিনি স্বর্ণকারের কাজ ছেড়ে দিয়েছেন। তবু মধুসূদন তাঁতীবাজারের স্বর্ণের দোকানগুলোয় ঢুঁ মারেন। মাঝেমধ্যে টুকটাক কাজও করেন।যন্ত্রে তৈরি অলংকারের কারণে ঢাকাই সোনারুদের কাজ কমে যাচ্ছে। কমছে তাঁদের আয়। এ বিষয়ে ঢাকা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের কার্যকর কমিটির সদস্য বাবুল ঘোষ জানান, তাঁতীবাজারের বেশির ভাগ পুরোনো সোনারু অন্য পেশায় চলে গেছেন। এখন দু-একজন ছাড়া সবাই নতুন কারিগর। ফলে আগের মতো নিখুঁত কাজের লোক কম। বিদেশ থেকে আসা তৈরি স্বর্ণালংকারের আগ্রাসনে সোনারুদের কাজ কমে গেছে বলে বাবুল ঘোষ দাবি করেন।নামে যায় চেনাতাঁতীবাজারে হিন্দুধর্মাবলম্বী সোনারুদের জয়জয়কার। অথচ তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জন ধর জানান, তিনি কাজ শিখেছেন তাঁতীবাজারের দুই সোনারু মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ আইয়ুবের কাছে। পাকিস্তান আমলে সেখানে এই দুজনের কাজের সুনাম ছিল বেশি। মোহাম্মদ হানিফ এখন আর নেই। মোহাম্মদ আইয়ুবও কাজ ছেড়ে দিয়েছেন। তিনি জানান, তাঁর সোনারু কাজের হাতেখড়ি হয়েছিল পাকিস্তানি কারিগর আবদুর রশিদের কাছে। ৫০ বছর ধরে আছেন তাঁতীবাজারে। যন্ত্র দিয়ে অলংকার তৈরির কাজ শুরু হওয়ায় এখন সোনারুদের কাজ কমে গেছে। তিনি এখন রুপার টুকটাক কাজ করেন।মোহাম্মদ আইয়ুব আরও জানান, একসময় ঢাকার প্রতিটি মহল্লায় ছিল সোনারুর ঘর। এলাকার স্বর্ণের সব কাজ তাঁরাই সারতেন। মৈশুন্ডি-জোড়পুলে ছিলেন আমিন সোনারু, সূত্রাপুর-নারিন্দায় পরশ সোনারু, বংশালের করিম সোনারু, আলুবাজারের ইদ্রিস সোনারু, বংশাল-মালিবাগে ছিলেন আলাউদ্দিন সোনারু। এলাকায় তাঁদের পরিচিতি ছিল। তবে সোনারু হিসেবে সুনাম কুড়িয়েছিলেন নাজিরা বাজারের বোচা সোনারু। ভারতের নামীদামি সোনারুর নকশা আর সূক্ষ্ম কাজের সঙ্গে পাল্লা দিত বোচা সোনারুর কাজ।তাঁতীবাজারে পাকিস্তান আমলে কাজে সুনাম কুড়িয়েছিলেন সুনীল সোনারু, কাশীনাথ বসাক সোনারু ও পাগলনাথ বসাক সোনারুরা।কমছে ফরমায়েশকিছুদিন আগেও ফরমায়েশ দিয়ে অলংকার বানানোর রেওয়াজ ছিল ঢাকায়। সে সময় স্বর্ণালংকারে নানা ধরনের নকশা আর তাতে পাথর জুড়ে দেওয়ার কাজে পারদর্শী ছিলেন নগরের সোনারুরা। অলংকার তৈরিতে অভিজাত ঢাকাই পরিবারগুলো বেছে নিত পাথরের বসানো নকশা। এই অলংকার তৈরিতে স্বর্ণ লাগত বেশি। সঙ্গে পাথর আর মজুরি মিলিয়ে দামও হতো বেশি।অভিনব সব পাথরের অলংকারের প্রতিযোগিতা চলত ঢাকার অভিজাত পরিবারে। আর সাধারণ ঢাকাই পরিবারগুলো শুধু স্বর্ণ দিয়ে নানা নকশায় বানাত গয়না। সেগুলো ‘খালি সোনার’ অলংকার নামে পরিচিত। সোনারুদের কাজের দক্ষতা মিলত এসব অলংকারেও। পুরান ঢাকার বংশাল রোডের বাসিন্দা জাহানারা বেগম জানান, বিশ শতকের ষাটের দশকে ফরমায়েশ দিয়ে অলংকার বানানোর স্মৃতি মনে আছে তাঁর। তাঁদের সোনারু ছিলেন মালিবাগের আলাউদ্দিন সোনারু। সেগুলো বানানোর জন্য বেশ আগে থেকেই ফরমায়েশ দিয়ে রাখতে হতো।জাহানারা বেগম আরও বলেন, সেই সময় সোনারুরা স্বর্ণে খাদ দিতেন ভরিতে দুই আনা। এখন খাটি স্বর্ণের প্রতি মানুষের ঝোঁক কমে গেছে। স্বর্ণালংকারে খাদ দেওয়া হয় অনেক বেশি।একাধিক সোনারু জানান, এখন ফরমায়েশ দিয়ে অলংকার বানানোর ঝোঁক কমে এসেছে। ক্রেতার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদেশ থেকে আনা হয় স্বর্ণালংকার। আবার স্বয়ংক্রিয় যন্ত্রেও তৈরি করা হয় অলংকার। তৈরি স্বর্ণালংকারের কিছু বানান নগরের সোনারুরা। এগুলো চলে যায় বিক্রয়কেন্দ্রে। সেখানে থরে থরে সাজানো হাজারো নকশা থেকে পছন্দসই একটা স্বর্ণালংকার কিনেই সন্তুষ্ট থাকেন নগরবাসী।বায়তুল মোকাররম জুয়েলারি মার্কেটের দোতলায় কথা হয় মগবাজারের সুপ্তি দেবীর সঙ্গে। তিনি বলেন, ‘এ সময়টায় হালকা নকশার গয়নার চাহিদা বেশি। এগুলো দেখতে সুন্দর, দামেও তুলনামূলক কম।’ফরমায়েশের অলংকারের কথা তুলতে সুপ্তি দেবী বলেন, ‘ফরমায়েশ দিয়ে অলংকার কিনতে হলে নকশা, খাদ, মজুরির মতো বিষয়গুলো ভাবতে হয়। এত সব চিন্তা না করে শোরুমে থাকা অলংকারই বেছে নিই। সময়, শ্রম দুটোই বেঁচে যায়।’নিউমার্কেটের মিতা জুয়েলার্সে আসা রেশমা তানজিলা জানান, বিক্রয়কেন্দ্রে থাকা অলংকারগুলো পছন্দ হওয়ায় সেগুলো নিয়েছেন। মাস খানেক সময় হাতে পেলে সুবিধামতো নকশায় ফরমায়েশ দিয়ে বানানো যেত।বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গয়না দেখছিলেন শাহজাহানপুরের জিন্নাত আরা। তিনি বলেন, ‘ছোট আকারের পাথর বসানো অলংকার কর্মজীবী ও রুচিশীল নারীদের জন্য বেশ মানানসই। আর সেগুলো ফরমায়েশ দিয়ে বানাতে গেলে মজুরি নিয়ে ভাবতে হয়। তার চেয়ে শোরুমে থাকা অলংকার থেকে বেছে নেওয়াই সহজ।’নগরের অভিজাত বিপণিবিতানের স্বর্ণালংকার বিক্রয়কেন্দ্রের অনেক অলংকার তৈরি করেন তাঁতীবাজারের সোনারুরা। এ প্রসঙ্গে তাঁতীবাজারের স্বর্ণের কারিগর উত্তম সাহা বলেন, ‘ক্রেতার চাহিদা অনুযায়ী অনেক শোরুম থেকে আমরা অলংকার তৈরির অর্ডার পাই। কখনো ছবি তুলে, কখনো ফটোকপি করে আমাদের নকশা দেওয়া হয়। আবার তাঁতীবাজারে নকশা আঁকার দু-একজন লোকও মেলে। তাঁরা নমুনা থেকে তাৎক্ষণিক স্কেচ করে দেন। আমাদের সেই নকশার সঙ্গে মিল রেখে অলংকারের নকশা করতে হয়।’রুপায় সোনার প্রলেপ!স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। নগরবাসীর অনেকেই তাল মেলাতে পারছেন না স্বর্ণের দামের ঊর্ধ্বমুখীর কারণে। তাই বিকল্প পথ বেছে নিচ্ছেন অনেক ব্যবহারকারী। রুপার গয়নার ওপর স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে ‘গোল্ড প্লেটেড জুয়েলারি’। রুপার দাম নাগালে থাকায় স্বর্ণের গয়নার চেয়ে এই গয়নার চাহিদা বাড়ছে।চকবাজার শাহী মসজিদের পাশে গড়ে উঠেছে স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার অলংকারের বাজার। দিনের বেশির ভাগ সময় জমজমাট থাকে বাজারটি। চকবাজারের মৌ জুয়েলারি হাউসের আবু নাঈম জানান, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় ‘গোল্ড প্লেটেড জুয়েলারি’র কদর বাড়ছে।এ বিষয়ে ধানমন্ডির বাসিন্দা আইরিন সুলতানা বলেন, ‘সাধ থাকলেও সাধ্য না থাকায় স্বর্ণের গয়না কেনা হয়ে ওঠে না। গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের মতো মানুষের ভরসা।’বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন গয়নার দোকানি জানান, স্বর্ণের দাম যত বাড়ছে, ততই স্বর্ণালংকারের ক্রেতা কমছে। অন্যদিকে গোল্ড প্লেটেড জুয়েলারির ক্রেতা বাড়ছে।