সোনালি আঁশ নিয়ে সোনালি স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবার পাটের উৎপাদন হয়েছে ভালো, দামও বেশি। সোনালি আঁশ নিয়ে এবার চাষিদের সোনালি স্বপ্ন যেন ডালপালা মেলে দিয়েছে। একদিকে পাটের দামও ভালো, আবার সরকার দিচ্ছে আর্থিক সহায়তা। বিনামূল্যে আর্থিক সহায়তা হিসেবে পাটের আঁশ ছাড়ানোর জন্য রেটিং মেশিন দেওয়া হচ্ছে। সব মিলে পাটের কদর বেড়ে যাওয়ায় চাষিরা মহা খুশি। তবে সরকারের কাছে সরাসরি পাট কেনার দাবি চাষিদের। নতুন পাট এখন বগুড়া জেলার হাট-বাজারে। বগুড়া জেলার যমুনা-তীরবর্তী উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় পাট চাষ হয়ে থাকে। যে পাট নিয়ে এত দিন চাষিদের অনীহা ভাব, সেই পাট গত বছর থেকে চাষিদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া গ্রামের চাষি এবাদত আলী বলেন, পাটের আবাদ তিনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু গত বছর থেকে ভালো দাম পাওয়ায় এবার আবাদ বেশি করেছেন। গত বছর ভালো দাম পাওয়ায় সেই টাকা দিয়ে ধারদেনা শোধ করেছেন। একটি নতুন ঘরও তুলেছেন। এবার পাটের যে দাম পাবেন, তা দিয়ে জমি কিনবেন বলে আশা করছেন এবাদত আলী। জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শেরপুর ও গাবতলী উপজেলার হাটগুলোতে বিপুল পরিমাণ পাট আসছে। গত বছর যে পাট আড়াই হাজার টাকা মণ বিক্রি হয়েছিল, এবার সেই পাট এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার দুটি হাটে গিয়ে দেখা গেছে, পাটের বাজার ফড়িয়াদের দখলে। সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি গ্রামের চাষি ফজলু মিয়া বলেন, এক বিঘা জমিতে ধান চাষ করে যে লাভ পাওয়া যায়, তার চেয়ে পাটে তিন গুণ লাভ বেশি পাওয়া যায়। তা ছাড়া এবার সরকার থেকে পাটের আঁশ ছাড়ানোর জন্য তাঁদের রেটিং মেশিন দেওয়া হয়েছে। সরকার যদি তাঁদের কাছ থেকে পাট কেনে, তাহলে আরও বেশি লাভ পাবেন তাঁরা। বগুড়া জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর বগুড়া জেলায় ১২ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অথচ চাষ হয়েছে ২২ হাজার হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ হোসেন জানান, এবার বগুড়া জেলায় দুই লাখ ৪০ হাজার বেল পাট উৎপাদন হবে। চাষিরা ভালো দাম পাচ্ছেন। আগামী বছর হয়তো আরও বেশি জমিতে পাট চাষ হবে। জেলার মুখ্য পাট পরিদর্শক আবদুল লতিফ জানান, পাট উৎপাদন অঞ্চলে গুদাম ভাড়া না পাওয়ায় জেলার গাবতলী ও বগুড়া শহরের চেলোপাড়ায় বিজেএমসির পাট ক্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাট কেনার জন্য ১৫০ জন ব্যাপারি তাঁদের লাইসেন্স নবায়ন করেছেন।বগুড়ায় পাটের বাজার আরও বাড়বে এই আশায় ফড়িয়ারা পাট কিনে মজুদ করছেন বড় ব্যবসায়ীদের গুদাম ঘরে। কারণ বগুড়ায় গত কয়েক বছরে গড়ে উঠেছে নয়টি ছোট পাটকল। এসব পাটকলে বছরে বিপুল পরিমাণ পাটের দরকার হয়। যে কারণে বগুড়ায় পাটের কদর অনেক বেশি বলে জানান ব্যবসায়ীরা। সাদিয়া জুটমিলের মালিক খলিলুর রহমান বলেন, বগুড়ায় যে নয়টি পাটকল রয়েছে, তাতে প্রচুর পাটের প্রয়োজন। কিন্তু এবার পাটের বাজার খুব চড়া। পরে হয়তো আরও দাম বাড়বে, এ জন্য ব্যবসায়ী ও মিলমালিকেরা পাট কিনছেন।