সোনালি কুহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে মনে ভেবে রেখেছিলাম, মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কা-কেনিয়া ম্যাচের সূত্র ধরে স্টিভ টিকোলোকে নিয়ে স্মৃতিচারণার মতো করে কিছু লিখব। ম্যাচটায় অঘটন ঘটার সুযোগ এতই ক্ষীণ ছিল যে স্টিভকে নিয়ে মাতামাতি করার কোনো সম্ভাবনাই মনের কোণে উঁকি দেয়নি। কথাটা ভেবেছিলাম স্মৃতিকাতর মনের আবেগ থেকে। স্টিভ টিকোলো পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলছেন এবং নিশ্চিতভাবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এবারের পর্বে তাঁকে এ পর্যন্ত দুটো ম্যাচে যা দেখলাম, তাতে একসময় সারা বিশ্বের নজরকাড়া তাঁর সেই সংহত আগ্রাসী ব্যাটিং রূপের সিকি ভাগও উপস্থিত নেই। তাঁর বিদায়ের বেলাটা হয়ে উঠেছে ধূসর-ম্লান। স্টিভকে নিয়ে আলাদাভাবে চিন্তা করার কারণ আছে। নব্বইয়ের দশকে আমরা যখন ক্রিকেট নিয়ে আকাশে ওড়ার জন্য প্রাণপণ ডানা ঝাপটাচ্ছিলাম, তখন কেনিয়াই ছিল আমাদের প্রবলতম প্রতিপক্ষ। ১৯৯৭-এ আইসিসি ট্রফি ফাইনালে ওদের হারিয়েই তো আমাদের ঊর্ধ্বযাত্রা শুরু। সেই সময়গুলোয় স্টিভ টিকোলো আর মরিস ওদুম্বেই ছিলেন আমাদের অতিরিক্ত মাথাব্যথার কারণ। টিকোলোকে আউট করতে পারলেই আমরা অর্ধেক ম্যাচ জেতার আরাম পেতাম। ওর ভাবমূর্তি অনেক বড় ছিল আমাদের কাছে। অফস্পিনটাও করত কার্পণ্যের সঙ্গে। আলাদা হিসাব করতে করতে ওকে আমরা ভালোবেসেছিলাম, নিয়ে এসেছিলাম আমাদের ঘরোয়া ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার লিগে অগ্রসারির দলগুলোর হয়ে খেলেছেন অনেক দিন। আদর্শ দলীয় সদস্য ও ভালো মনের মানুষ হিসেবে আমাদের ক্রিকেট সমাজে আদৃত হয়েছেন। এতগুলো বিশ্বকাপ খেলা তাঁর মাপের খেলোয়াড়ের প্রাপ্য। অনুমান করি, অবসরে গিয়ে কেনিয়ার ক্রিকেটের সাংগঠনিক উন্নয়নে হাত মেলাবেন স্টিভ এবং তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাবেন কেনিয়াকে আরেকটু ওপরে তুলে ধরতে। স্টিভ টিকোলোর জন্য আমাদের শুভকামনা রইল। স্টিভের স্মৃতিচারণা এ ক্ষুদ্র কলামে সম্ভব নয়।মঙ্গলবারের ওই ম্যাচটা নজরকাড়া ম্যাচ ছিল না, কিন্তু নজর কাড়লেন মালিঙ্গা। সারা শ্রীলঙ্কা এখন নিশ্চয়ই আফসোস করছে, কেন পাকিস্তানের সঙ্গে মালিঙ্গা ছিলেন না! উগ্র সোনালি চুলের সাজটা কি কোনো কালো জাদুর কুহকে রাঙা! দুই-দুটো বিশ্বকাপে হ্যাটট্রিক এল ওই সাজে। কেনিয়ার দুঃস্বপ্ন হয়ে আসা মালিঙ্গার ৩ স্পেলে ৬ উইকেট ক্রিকেট ইতিহাসে স্মরণীয় করে রাখল একপেশে ম্যাচটিকে। হ্যাটট্রিকের সহযোগের চেয়ে ৬টি উইকেট নেওয়ার ধরনের ঐক্যে মাহাত্ম্য পেয়েছে এদিনের মালিঙ্গার বোলিং। সব কটি উইকেট ইয়র্কারে। ইয়র্কারের আধিক্যে যেন বা ঘোষণা দিয়ে বলে বলে উইকেট নিলেন। হয় এলবি, নয় বোল্ড। তীব্র গতি, ক্ষুরধার বাঁক, শেষ মুহূর্তের বাঁক বদল, তারপর ব্লক হোলে আছড়ে পড়া সাদা গোলক। গতির কাছে, বাঁকের কাছে পরাস্ত ব্যাটসম্যান জেনে-শুনেও থামাতে পারছেন না। অবাক হয়ে নিবিড় দর্শক দেখছে দ্রুত বলের শিল্পকলা। মালিঙ্গার মাথার ওই উগ্র সোনালি কার্ল কি ব্যাটসম্যানের চোখকে বিভ্রান্ত করে? টাইমিং এলোমেলো করে দেয়? সুযোগ পেলে বাংলাদেশ দলের মনোবিদ সাহা বাবুর কাছে জানতে হবে।