সোনালী ব্যাংক নিয়ে উদ্বিগ্ন সংসদীয় স্থায়ী কমিটি
যাঁরা বারবার বড় অঙ্কের কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের বিপুল পরিমাণ করারোপ করে জনসমক্ষে প্রকাশের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি একই সঙ্গে চার স্তরের করহার কমিয়ে তিন স্তরে এবং সর্বোচ্চ হার নামিয়ে আনার সুপারিশ করেছে।সংসদীয় কমিটি রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের দীনতায় উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাংকটিতে ৫৮ হাজার নিরীক্ষা আপত্তি ফেলে রাখায় অসন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি অতিদ্রুত ব্যাংকটিতে একটি কমিটি গঠন করে এগুলোর নিষ্পত্তি করতে পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, কম অপরাধ, অপরাধ ও গুরুতর অপরাধ—এই তিন ভাগে নিরীক্ষা আপত্তিগুলোকে বিবেচনা করে সেইভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে।সংসদীয় কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, তাঁরা সোনালী ব্যাংকের কার্যক্রম ও আগামী বাজেট বিষয়ে আলোচনা করেছেন। হল-মার্ক জালিয়াতির বিষয় তদন্তে গঠিত সংসদীয় উপকমিটিও তাদের প্রতিবেদন স্থায়ী কমিটিতে জমা করেছে। এই প্রতিবেদন বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংককে জানানো হয়েছে। তারা তাদের কোনো মতামত থাকলে তা পরের সভায় দেবে।মুস্তফা কামাল বলেন, সোনালী ব্যাংকে ব্যবস্থাপনায় ঘাটতি আছে। কীভাবে পেশাদারির সঙ্গে ব্যাংকটা চলতে পারে, সে বিষয়ে সংসদীয় কমিটি পরামর্শ দিয়েছে। ব্যাংকটিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যা আছে। হাজার কোটি টাকার মূলধন ঘাটতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই ঘাটতি মেটাতে সরকারকে এগিয়ে আসতে হবে। আবার বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করে সেই অর্থ খাটিয়ে মুনাফা করে তা দিয়েও মূলধন বাড়ানো যাবে।দেশে বর্তমানে কর শনাক্তকরণ সংখ্যাধারী (টিআইএন) হচ্ছে ৩৩ লাখ এবং কর প্রদানকারী ১২ লাখ। সংসদীয় কমিটি মনে করে, কর প্রদানকারী ও টিআইএনধারীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। এ ক্ষেত্রে দেখা যায়, কাউকে কোনো একটি বিশেষ কাজের জন্য টিআইএন নিতে হয়। কিন্তু, তিনি পরবর্তীকালে আর কোনো কাজে এই টিআইএনের ব্যবহার করেন না। অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে টিআইএন ব্যবহার করে কিছু মানুষ। স্থায়ী কমিটি মনে করে, এসব টিআইএন ভিন্ন ভিন্ন রঙের হওয়া বাঞ্ছনীয়। মুস্তফা কামাল বলেন, তাঁদের সুপারিশ হচ্ছে ব্যক্তিশ্রেণীর ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে আনতে হবে। আবার কর অবকাশ-সুবিধা অব্যাহত থাকতে পারে। এ ক্ষেত্রে পুঁজিবাজারকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।মুস্তফা কামাল বলেন, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। এ ছাড়া সামষ্টিক অর্থনীতির সব কটি সূচকেই অগ্রগতি ও স্থিতিশীলতা রয়েছে বলে দাবি করেন তিনি।