সোনালী ব্যাংক পর্ষদ পুনর্গঠনে গভর্নরের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির জের ধরে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সুপারিশ করে চিঠি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গতকাল রোববার আতিউর রহমান স্বাক্ষরিত চিঠিটি আজ সোমবার অর্থমন্ত্রীর হাতে পৌঁছেছে।অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, অখ্যাত হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে যে দুই হাজার ৬৮৬ কোটি টাকা আত্মসাত্ করেছে, তার দায়দায়িত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপরই বর্তায়। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে পর্ষদ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। আর এ ঘটনা সমগ্র ব্যাংক খাতের ওপরই বিরূপ প্রভাব ফেলেছে।সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের দুই হাজার ৬৮৬ কোটি টাকা আত্মসাত সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংকের শেরাটন শাখা (বর্তমান রূপসী বাংলা) থেকে ২০১০-২০১২ সময়ে মোট তিন হাজার ৫৪৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত্ করা হয়েছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই আত্মসাত্ করেছে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। হলমার্ক গ্রুপের অনিয়মের প্রকৃতিগুলোও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে আতিউর রহমান বলেন, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে বা সম্মতিতে জালিয়াতির মাধ্যমে এত বিপুল পরিমাণ অর্থ আত্মসাত্ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘সোনালী ব্যাংকের সংঘবিধি অনুযায়ী যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের। ফলে সংঘটিত সব অনিয়মের সামগ্রিক দায়দায়িত্ব ব্যাংকের পর্ষদের ওপরই বর্তায়। এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের পর্ষদ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হয়নি। দেশের বৃহত্তম এই রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।’