সোনালী ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উদ্ভাবনী ব্যাংকিং আপনার বিশ্বস্ত সঙ্গী’—সোনালী ব্যাংক লিমিটেড হতে পারে ব্যাংকার হিসেবে পেশা গড়ায় আগ্রহী তরুণদের কাজের ক্ষেত্র। যাঁরা সরকারি ব্যাংকগুলোয় কাজ করতে চান, সুযোগ এবার তাঁদের। সোনালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ—এই তিন পদে এক হাজার ৫০০ লোক নিয়োগ করা হচ্ছে। আবেদন করার সময় পেরিয়ে গেছে।এখন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময়। যেহেতু প্রতিযোগিতা বেশ তীব্রই হবে, তাই প্রস্তুতও হতে হবে ভালোভাবে। সোনালী ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, চাকরির জন্য প্রার্থী নির্বাচনের পরীক্ষা আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে।পেশার ক্ষেত্র সোনালী ব্যাংকদেশের সর্বপ্রথম ও সর্ববৃহত্ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। সরকারের দৈনন্দিন যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি সম্পাদিত হয় সোনালী ব্যাংকের মাধ্যমে। ট্রেজারি ব্যাংক হিসেবে বোঝানো হয় এই সোনালী ব্যাংককেই। জানালেন সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায়। সম্প্রতি সোনালী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে। সোনালী ব্যাংকের বিদেশে বেশ কিছু শাখা রয়েছে। সেখানেও হতে পারে আপনার কাজ করার সুবর্ণ সুযোগ। বাংলাদেশে সোনালী ব্যাংকের প্রায় এক হাজার ৪০০ শাখা রয়েছে। ব্যাংকে চাকরির সুযোগ-সুবিধাঅন্য যেকোনো ধরনের পেশা থেকে ব্যাংকিং পেশার সুযোগ-সুবিধা একটু বেশি। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত মো. ইয়াসিন আলী বলেন, ব্যাংকে পেশাজীবন গঠনের ক্ষেত্রে সরকারি ব্যাংক খুব ভালো। আর এখানে চাকরির নিশ্চয়তাও বেশি। তবে চাকরি পাওয়া কঠিন। ব্যাংকের চাকরির সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে প্রতি কর্মদিবসে ১৫০ টাকার খাবারের ভাতা, দুটি আনুষ্ঠানিক বোনাস, লভ্যাংশ বোনাস বছরে প্রায় দুই থেকে তিনটি। তা ছাড়া চাকরিজীবী ঋণ, কম্পিউটার ঋণসহ বিভিন্ন ঋণের সুযোগ রয়েছে ব্যাংকে কর্মরতদের জন্য। নতুন পে-স্কেলে একজন সিনিয়র অফিসারের বেতন প্রায় ২০ হাজার টাকা। আর সরকারি ব্যাংকে চাকরির ক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, যা একজন ব্যক্তির দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং সে ক্ষেত্রে চাকরি শেষে বিভিন্ন প্রকল্পসহ বেসরকারি ব্যাংকে বড় পদে মোটা বেতনে কাজ করার সুযোগ আসে।পদ ও বেতন-ভাতা সিনিয়র অফিসার, অফিসার, অফিসার ক্যাশ—এই তিনটি পদে মোট এক হাজার ৫০০ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই তিনটি পদের বেতন স্কেল যথাক্রমে—৬৮০০-৩২৫x৭-৯০৭৫ ইবি ৩৬৫x১১-১৩০৯০; ৫১০০-২৮০x৭-৭০৬০ ইবি ৩০০x১১-১০৩৬০; ও ৫১০০-২৮০x৭-৭০৬০ ইবি ৩০০x১১-১০৩৬০ এবং তত্সহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। তবে শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্যে সিনিয়র অফিসার পদের জন্য ১৩ হাজার টাকা, অফিসার ও অফিসার ক্যাশ পদের জন্য সর্বসাকল্যে ১০ হাজার ২০০ টাকা প্রদান করা হবে। তবে নতুন বেতন স্কেল চালু হলে সে অনুযায়ী তাঁদের ওই পরিমাণ টাকা প্রদান করা হবে।পরীক্ষার প্রস্তুতি সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক, (মানবসম্পদ উন্নয়ন) মো. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এসব পদের জন্য পরীক্ষা অন্যান্য সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার নীতিমালা অনুসরণ করা হবে। তাই বিভিন্ন ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় সব পরীক্ষাতেই প্রশ্নপত্র পার্ট-১ ও পার্ট-২ এই দুটি অংশে বিভক্ত থাকে। পার্ট-১-এ এমসিকিউ ও পার্ট-২-এ বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলা হয়। তাই সোনালী ব্যাংকের অফিসার নিয়োগের প্রস্তুতির ক্ষেত্রে যেসব বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে সেগুলো হলো— পার্ট-১ (নৈর্ব্যক্তিক) নিয়োগ পরীক্ষার পার্ট-১ এমসিকিউয়ের মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, ব্যাংকিং ও অর্থনীতি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি। পার্ট-২ (বর্ণনামূলক) বর্ণনামূলক বিষয়ে যেসব বিষয় থাকে, তা হলো—সাম্প্রতিক বিষয়ে একটি রচনা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইরেজি থেকে বাংলায় অনুবাদ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ইত্যাদি। এ সবকিছু লিখতে হবে ইংরেজি মাধ্যমে। আর বাংলায় সাম্প্রতিক বিষয়ের ওপর একটি রচনা লিখতে হবে। গণিত অংশে গতি, গড়, অনুপাত, শতকরা, লাভ-ক্ষতি ইত্যাদি বিষয়ে ৩টি থেকে ৫টি জটিল সমস্য থাকতে পারে। ইংরেজি বিষয়ে ভালো করার জন্য প্রচুর ইংরেজি পত্রিকা, ব্যাকরণ, রচনা পড়তে হবে। গণিতে ভালো করতে হলে নিয়মিত চর্চা করতে হবে। আর বাংলা রচনার জন্য আপনাকে প্রতিনিয়ত খবরের কাগজ পড়তে হবে। এসব বিষয়ে প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন রকমের বই পাওয়া যায়। সুভাষ সিংহ রায় জানান, একজন ব্যাংক কর্মকর্তা তাঁর মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়ে থাকেন। তা ছাড়া বর্তমান সময়ে ব্যাংকের পেশা নির্ভরযোগ্য পেশা হিসেবেও বিবেচিত হচ্ছে।