সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্কসহ ছয় প্রতিষ্ঠানের তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও পাঁচজন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তারা হলেন, সোনালী ব্যাংকের ডিজিএম হেদায়েত উল্লাহ ও সবিতা সিরাজ, এজিএম গোলাম নবী মল্লিক, আশরাফ আলী পাটোয়ারী ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদ উদ্দিন আহমেদ। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত ছয় সদস্যের তদন্তকারী দল সকাল ১০টা থেকে আলাদাভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশ ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।দুদকের অনুসন্ধান বিভাগের সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, গত দুই দিনে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুদক। কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবি করে জবানবন্দি দিলেও তাঁদের একজনের সঙ্গে অন্যজনের বক্তব্যের মিল পাওয়া যায়নি। এ ছাড়া বিভিন্ন নথিতেও কিছু গুরুত্বপূর্ণ ভুল পাওয়া গেছে। এসব বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে দুদক। এরই মধ্যে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ না করে সরাসরি টেলিফোনের মাধ্যমে দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছে তদন্তকারী দল।আগামী রোববার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে কমিশন।