সোনালী ব্যাংকের চেয়ারম্যানসহ ১১ পরিচালককে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ সাবেক ও বর্তমান ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুদকে হাজির হতে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের ঠিকানায় জরুরি নোটিশ পাঠানো হয়েছে। পর্ষদের ১১ জন পরিচালকের মধ্যে ইতিমধ্যে মেয়াদ শেষ হয়েছে সাতজনের। বর্তমানে চেয়ারম্যানসহ চারজন পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে তিনজনেরই মেয়াদ বাড়ানো হয়েছে। পরিচালনা পর্ষদের বর্তমান ১১ জন সদস্যের মধ্যে পাঁচজনকে কাল বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁরা হলেন আইআরডির অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. সহিদ উল্লা মিয়া, ব্যবসায়ী সুভাষ সিংহ রায়, সাংস্কৃতিক নেতা ও সাংবাদিক কাশেম হুমায়ুন, আইনজীবী সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও শিক্ষিকা জান্নাত আরা হেনরী।আগামী বৃহস্পতিবার চেয়ারম্যানসহ অবশিষ্ট ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করবে দুদকের তদন্ত দল। তাঁরা হলেন পর্ষদের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম, সিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি এ এস এম নাঈম, পোশাক শিল্প সমিতির সাবেক সহসভাপতি কে এম জামান, ব্যবসায়ী সাইমুম সরওয়ার ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত।প্রসঙ্গত, জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনার সময় এমডির দায়িত্বে থাকা হুমায়ুন কবিরকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সূত্র জানান, প্রায় চার হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে মামলা দায়েরের আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সবাইকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় দুদক কমিশন। জিজ্ঞাসাবাদে কেলেঙ্কারির সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও হয়তো মামলার আসামি করা হবে।এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, মামলার বিষয়বস্তুতে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে সে জন্য সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত দল অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দিলে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্কই নিয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশী নিট লিমিটেড। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় এ নিয়ে সোনালী ব্যাংক, হলমার্ক ও ডি অ্যান্ড স্পোর্টসের মোট ৬৫ জনকে জিজ্ঞাসাবাদ করল দুদক। তাঁদের মধ্যে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরও রয়েছেন।