সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে আজ রোববার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছয় কর্মকর্তা হলেন: নওশের আলী (মহাব্যবস্থাপক), মোহাম্মদ মাহবুবুল হক (মহাব্যবস্থাপক), আ ন ম মাসরুরুল হুদা সিরাজী (মহাব্যবস্থাপক), মো. মুছা (উপমহাব্যবস্থাপক), শেখ আলতাফ হোসেন (উপমহাব্যবস্থাপক) ও মো. সফিউদ্দিন আহমেদ (উপমহাব্যবস্থাপক)।সকাল ১০টা থেকে দুদক কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। ইতিমধ্যে দুই কর্মকর্তার জিজ্ঞাসাবাদ শেষে হয়েছে। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জিজ্ঞাসাবাদ শেষে আ ন ম মাসরুরুল হুদা সিরাজী সাংবাদিকদের কাছে দাবি করেন, ২০১২ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে তিনি হলমার্কের ঋণের বিষয়ে ছোট একটি নিরীক্ষা শুরু করেন। কিন্তু তাঁর ওপর বিভিন্ন মহল থেকে চাপ আসা শুরু করে।কে বা কারা তাঁর ওপর চাপ দিয়েছেন, সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান সিরাজী। তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তি ও সরকারি চাপের মুখে তাঁকে কুমিল্লা, সিলেট ও পরে রংপুরে বদলি করা হয়। বর্তমানে সোনালী ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।সিরাজী দাবি করেন, সোনালী ব্যাংকের তত্কালীন এমডি নিজেই তাঁকে বদলি করেছেন। উল্লেখ্য, ওই সময় সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ন কবীর। দুদক কার্যালয় থেকে বেরিয়ে অপর কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক সাংবাদিকদের কাছে হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা যে সময়ের ঘটনা, তখন আমি অবসর প্রস্তুতকালীন ছুটিতে ছিলাম। যেসব তথ্য জানতে দুদক আমাকে ডেকেছে, তা আমি নিজেও জানি না। আমি হলমার্কের তানভীরকেও কোনো দিন দেখিনি।’প্রসঙ্গত, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা (সাবেক শেরাটন) থেকে জালিয়াতির মাধ্যমে ২০১০-১২ সময়ে দুই হাজার ৬৬৭ কোটি ১৪ লাখ টাকা আত্মসাত্ করেছে হলমার্ক গ্রুপ। আরও কয়েকটি প্রতিষ্ঠান এই শাখা থেকে অর্থ আত্মসাত্ করেছে। আত্মসাত্ করা মোট অর্থের পরিমাণ তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা। হলমার্ক কেলেঙ্কারির জন্য গত ৩০ আগস্ট সোনালী ব্যাংক লিমিটেড বিভিন্ন পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। বাংলাদেশ ব্যাংক ২৬ আগস্ট সোনালী ব্যাংককে হলমার্ক কেলেঙ্কারির জন্য চিহ্নিত ৩২ কর্মকর্তাকে বরখাস্ত করে ৩০ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী কর্মকর্তাদের বরখাস্ত করেছে ব্যাংকটি।