সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন: ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম অফিসের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মো. সাফিজউদ্দিন আহমেদ। গতকাল রোববার রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করে দুদকের তদন্ত দল। তদন্ত দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে সোনালী ব্যাংকের ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তিনজনকে ইতিমধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা থেকে ভুয়া এলসির মাধ্যমে হল-মার্কের অর্থ আত্মসাতের ঘটনায় গত ৪ অক্টোবর রমনা মডেল থানায় ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও অর্থের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মীর মো. জয়নুল আবেদীন শিবলী প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা প্রত্যেকে জবানবন্দিতে সোনালী ব্যাংকের ওই তিন কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। তাঁদের জবানবন্দির ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আজ সোমবার গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানান, মীর মহিদুর, শেখ আলতাফ ও সাফিজউদ্দিন ১১ মামলার প্রতিটিতেই আসামি। এ তিনজন অর্থ আত্মসাতে সহায়তা করতেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। এ জন্য হল-মার্ক গ্রুপ থেকে তাঁরা বিশেষ সুবিধাও পেতেন। ২০১০ সালের জুন থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ একাই নিয়েছে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা। দুদকের অনুসন্ধান দল সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর অর্থ কেলেঙ্কারির এ ঘটনায় এ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়।