সোনালী ব্যাংকের তিন কর্মকর্তার রিমান্ড মঞ্জুর
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুই মামলায় সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তাকে ছয় দিন করে ১২ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ওই দুই মামলায় প্রত্যেককে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল। পরে মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এই তিন কর্মকর্তা হলেন: ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম অফিসের মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও মো. সাফিজউদ্দিন আহমেদ। গতকাল রোববার রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে রমনা থানায় হস্তান্তর করে দুদকের তদন্ত দল। তিনজনকে এরই মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা থেকে ভুয়া এলসির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় গত ৪ অক্টোবর রমনা মডেল থানায় হল-মার্কের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাত্, পরস্পরের যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও অর্থের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ২০১০ সালের জুন থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ একাই নিয়েছে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা। দুদকের অনুসন্ধান দল সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর অর্থ কেলেঙ্কারির এ ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়।