সোনালী ব্যাংকের দুই শাখায় ২৫ কোটি টাকা লোপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর মহিপাল শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে।ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক ব্যবস্থাপক সিরাজুল হকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে সরকারের ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা হয়েছে। কর্মকর্তারা হলেন অবসর-পরবর্তী ছুটিতে থাকা সাবেক ব্যবস্থাপক সিরাজুল হক, ক্যাশের দায়িত্বে থাকা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া ও খলিলুর রহমান। ভুয়া বিল তৈরি ও ভুয়া স্বাক্ষর করে তাঁরা পেনশন, বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতার এসব টাকা তুলে নিয়েছেন।আর মহিপাল শাখা ব্যবস্থাপক আবুল কাশেমের বিরুদ্ধে ক্ষুদ্র ও মাঝারি ঋণের (এসএমই) নামে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে পর পর দুটি তদন্ত হয়। এর ভিত্তিতে সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে একটি অভিযোগ গঠন করা হয়েছে। মামলার বিবরণ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি সিরাজুল হক সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় ব্যবস্থাপকের দায়িত্ব নেন। একই বছরের ২৩ ডিসেম্বর তিনি অভিযুক্ত মিজানুর রহমান ভূঁইয়াকে পেনশন বিল শাখায় এবং খলিলুর রহমানকে পেনশন ও ভাতা প্রদান কাউন্টারের দায়িত্ব দেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁরা ভুয়া বিল তৈরি ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে টাকা আত্মসাৎ করা শুরু করেন। মামলার এজাহারে বলা হয়, পেনশন সেকশনে ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো তদারকির ব্যবস্থা না করে অবৈধভাবে ওই দুই কর্মকর্তাকে বিল প্রস্তুত ও কাউন্টারে পেনশনের টাকা দেওয়ার সুযোগ করে দেন তিনি। তাঁরা একই তারিখে একই পেনশনগ্রহীতার নামে একাধিক বিল তৈরি করেন। ওই তিন কর্মকর্তা যোগসাজশের মাধ্যমে পেনশন বিল ফরমে পরিমাণ ও তারিখ উল্লেখ না করে টাকা তুলে আত্মসাৎ করেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম জজের আদালতে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে ১০ কোটি ৫১ লাখ ৩৮ হাজার ৬৮৮ টাকা আত্মসাতের অভিযোগে একটি মানিস্যুট ও দুটি ফৌজদারি মামলা রয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও সাত কোটি টাকা আত্মসাতের মামলা প্রক্রিয়াধীন।আত্মসাতের অভিযোগে মামলা হলেও অবসরে থাকা ব্যবস্থাপক ছাড়া বাকি দুই কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। তাঁদের দুজনই সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পারসোনাল ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত রয়েছেন। তাঁরা বসুন্ধরায় প্লট-ফ্ল্যাটসহ নামে-বেনামে অনেক ভূসম্পত্তি কিনেছেন। অবশ্য তাঁদের এসব সম্পত্তির দলিলপত্র ব্যাংক কর্তৃপক্ষ জব্দ করেছে। কাল হয়েছে উড়ো চিঠি: সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার তিন কর্মকর্তার কাল হয়েছে একটি উড়ো চিঠি। শামীম মবিন চৌধুরী নামের এক ব্যক্তি ক্রাইম ওয়াচ নামে প্রাতিষ্ঠানিক পরিচয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এসব ঘটনা তুলে ধরে ২০১১ সালের ১২ জানুয়ারি একটি চিঠি দেন। চিঠি পাওয়ার পর ব্যাংকের ভিজিল্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিভিশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আজিজ আহামঞ্চদ খান এবং নির্বাহী কর্মকর্তা মো. ইকরামের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাঁরা ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত করে টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে উদঘাটন করেন। পরে ২২ ফেব্রুয়ারি তাঁরা তাঁদের বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন।যেভাবে আত্মসাৎ: তদন্ত প্রতিবেদনে বলা হয়, ক্যাশের দায়িত্বে থাকা মিজানুর রহমান ভূঁইয়া ও খলিলুর রহমান একই পেনশনভোগীর নামে একই দিনে দুইবার পেনশন ভাতার টাকা পরিশোধ দেখিয়ে একটি প্রদান ও অপরটি আত্মসাৎ করেন। তাঁরা একই মাসে দুইবার ৫১৫ জন পেনশনভোগীর টাকা পরিশোধ দেখিয়েছেন। তাঁরা পেনশন ভাতা দেওয়ার আগেই পেনশনভোগীর স্বাক্ষর জাল করে ভুয়া বিল তৈরির মাধ্যমেও টাকা আত্মসাৎ করেন। পেনশন বিলে লেখা ভাতার নিচে সঠিক অঙ্কের যোগফল না বসিয়ে বেশি অঙ্কের যোগফল বসান। পেনশন-বইয়ে গ্রহীতার পরিশোধিত টাকার অঙ্ক ঠিক রেখে পেনশন প্রদান শিটে অধিক টাকা লেখেন।সিরাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অর্থ জালিয়াতি নয়, দায়িত্বে অবহেলার কারণে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ অপর দুই অভিযুক্ত কর্মকর্তাকে বারবার ফোন করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ব্যাংকটির আইন উপদেষ্টা মো. হাবিবুল্লাহ জানান, অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। আরও একটি প্রক্রিয়াধীন।ফেনীতে সোনালী ব্যাংক মহীপাল শাখা ব্যবস্থাপক আবুল কাশেমের বিরুদ্ধে এসএমই নামে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক ফেনীর মহীপাল শাখায় ২০১১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মাত্র তিন মাসের মধ্যে এসএমই খাতে সাত কোটি টাকা এবং ‘উন্মেষ’ প্রকল্পের অধীনে ৫৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়। কিন্তু ওই শাখার এসএমই খাতে চার কোটি টাকা এবং উন্মেষ প্রকল্পে ১৬ লাখ টাকা ঋণ বরাদ্দের সীমা নির্ধারিত ছিল। কিন্তু আবুল কাশেম তাঁর নিজের ক্ষমতার বাইরে এসব ঋণ দেন। তিনি বর্তমানে নোয়াখালীতে কর্মরত রয়েছেন।জানা যায়, জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়ার সময় সংশ্লিষ্ট তথাকথিত ঋণগ্রহীতাদের নিজের নাম-ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম ভুয়া, এমনকি কিছু কিছু ঋণপ্রস্তাব আবেদনপত্রে ঋণগ্রহীতার স্বাক্ষর পর্যন্ত ছিল না।ব্যাংকের এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রথমে ফেনী প্রধান কার্যালয়ের কর্মকর্তা মহিউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে তদন্ত হয়। এতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এ কে এম সায়েদ হোসেনের নেতৃত্বে দ্বিতীয় দফা তদন্তে বেরিয়ে আসে অনিয়ম-দুুর্নীতির ভয়াবহ চিত্র। এতে দেখা যায়, ১৬৫টি ঋণের বেশির ভাগই ভুয়া ও অস্তিত্বহীন। এর মধ্যে ২৩টি ঋণ দেওয়া হয়েছে এমন সব প্রতিষ্ঠানের নামে যেগুলোর ‘প্রতিষ্ঠান ও ব্যক্তি’ কোনোটিরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটির নামে চার লাখ টাকা করে ৯২ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।৬৫টি ঋণ হিসাবের বিপরীতে ব্যক্তি চিহ্নিত হলেও কোনো প্রতিষ্ঠান চিহ্নিত করা যায়নি। এসব প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে প্রায় তিন কোটি টাকা।অপরদিকে একই ব্যক্তিকে একাধিক ঋণের জামিনদার দেখানো ৫৩টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে দুই কোটি ২৭ লাখ টাকা।ফেনীতে সোনালী ব্যাংকের বর্তমান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ফেনীর সাবেক ডিজিএম আবু জাফর সোনালী ব্যাংক মহীপাল শাখায় অনিয়ম ও দুর্নীতির বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত দল এসে ওই শাখা পরিদর্শন করে অনিয়ম-দুর্নীতির সত্যতা পায়। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শাখা ব্যস্থাপককে দায়ী করা হয়। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারপর প্রধান কার্যালয় থেকে আরও একটি দল তদন্ত করে গেছে। আবুল কাশেমের সঙ্গে সম্প্রতি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিপুল অঙ্কের টাকা লোপাটের অভিযোগ অস্বীকার করেন। তিনি এ ব্যাপারে আর কোনো কথা বলতেও অস্বীকৃতি জানান।