সোনালী ব্যাংকের দুর্নীতির বিষয়ে কঠোর ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৪০ জন বিশিষ্ট নাগরিক সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা র‌্যাবের হামলায় পা হারানো কিশোর লিমন হোসেন এবং তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অদক্ষতা, দায়িত্বহীনতা এবং একগুঁয়েমির কারণে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কিশোর লিমনের ওপর নির্দয় আচরণ দেশের প্রতিটি মানুষকে ব্যথিত করেছে। বিবৃতি দেন জিল্লুর রহমান সিদ্দিকী, আনিসুজ্জামান, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, কামাল লোহানী, শামসুজ্জামান খান, মহাদেব সাহা, অধ্যাপক আবদুল মান্নান, শ্যামলী নাসরিন চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ, শাহরিয়ার কবীর, মফিদুল হক, ফেরদৌসী মজুমদার, ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া, সুজেয়শ্যাম, শিমুল ইউসুফ, ফকির আলমগীর, সারা যাকের প্রমুখ। বিবৃতিতে সই করেন গোলাম কুদ্দুছ।