সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ দায় চাপিয়েছে
সংসদীয় তদন্ত দলের প্রধান তাজুল ইসলাম জানিয়েছেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর দায় চাপিয়েছেন।সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ আজ বেলা তিনটা থেকে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন আনোয়ার শহীদ, সায়মন সারোয়ার কমল, কে এম জামান, এ এস এম নাঈম, জান্নাত আরা হেনরী, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ূন, সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।এর আগে গতকাল কমিটির সদস্যরা হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন। কমিটির কাছে তানভীর মাহমুদ স্বীকার করেন, অবৈধ পন্থায় তিনি সোনালী ব্যাংক থেকে টাকা নিয়েছেন।বৈঠক শেষে তানভীর মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বীকার করেছি, ঋণ-প্রক্রিয়ায় অনিয়ম ছিল।’ সংসদীয় তদন্ত দলের প্রধান তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্বিক বিষয়ে প্রশ্ন করে হলমার্কের মালিকের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। হলমার্কের এমডি ও জিএমের সঙ্গে কথা বলার পর এটা স্পষ্ট, টাকা দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। অবৈধ পন্থায় হলমার্ককে দুই হাজার ৬৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে। তানভীর সেটা স্বীকারও করেছেন। বৈঠক সূত্র জানায়, কমিটির কাছে তানভীরের উপস্থাপন করা কাগজপত্র অনুযায়ী, বর্তমানে সোনালী ব্যাংকের কাছে হলমার্কের দায়ের পরিমাণ দুই হাজার ২০২ কোটি টাকা। দুটি প্রকল্পে হলমার্ক সোনালী ব্যাংকের বোর্ডের অনুমোদন নিয়ে ঋণ নিয়েছে। এ পর্যন্ত পরিশোধ করেছে ৪৫৮ কোটি টাকা। এ ছাড়া সাভারের হেমায়েতপুরে তারা যে জমি নিজেদের বলে দাবি করেছে, তার প্রতি শতাংশের দাম দেখানো হয়েছে ৪০ লাখ টাকা করে। কিন্তু বাস্তবে সেখানে জমির দাম এত বেশি নয়। কমিটি মনে করে, সম্পদের যে আর্থিক মূল্য দেখানো হয়েছে, তা বানোয়াট ও কল্পিত।