সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনকে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ পর্ষদের নয়জন ও ব্যাংকের দুই কর্মকর্তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার ওই সব ব্যক্তির গ্রামের ও রাজধানীর বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।নোটিশে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে তাঁদের প্রত্যেকের নামে-বেনামে বিপুল সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিষয়ে স্থির বিশ্বাসের পরিপ্রেক্ষিতে এ নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের প্রত্যেকের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব সাত কর্মদিবসের মধ্যে দুদকে জমা দেওয়ার জন্যও নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায় সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে। যাঁদের বরাবরে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পর্ষদের বর্তমান সদস্য মো. শহিদুল্লাহ মিঞা ও এ এস এম নায়েম, পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ুন, মো. আনোয়ার শহিদ, কে এম জামান রোমেল, সাইমুম সরওয়ার কমল ও সত্যেন্দ্র চন্দ্র ভক্ত। এ ছাড়া দুই কর্মকর্তা হলেন সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথ ও এজিএম খুরশীদ আলম।বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে অডিট কমিটির প্রধান ছিলেন কে এম জামান রোমেল এবং ওই কমিটির সদস্য ছিলেন সত্যেন্দ্র চন্দ্র ভক্ত। পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায় ও মো. আনোয়ার শহিদসহ অডিট কমিটির ওই দুই সদস্য হল-মার্ক গ্রুপসহ বিভিন্ন জালিয়াতকারী প্রতিষ্ঠানের পক্ষে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। কাজী বাহারুল ইসলাম এর আগে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সেখানেও দুর্নীতির কিছু আভাস পেয়েছে দুদকের তদন্ত কমিটি। এ ছাড়া পরিচালনা পর্ষদের আরেক সাবেক সদস্য জান্নাত আরা হেনরীর সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক।