হলমার্ক কেলেঙ্কারির অন্যতম হোতা সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে পৃথক তিনটি মামলায় আট দিন করে ২৪ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। দুদকের করা পৃথক তিন মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রতিটি মামলায় আট দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রমনা এলাকা থেকে এ কে এম আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর হলমার্ক গ্রুপকে প্রত্যক্ষ সহযোগিতা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।এদিকে হলমার্ক কেলেঙ্কারির অর্থ আদায়ে একাধিক আইনজ্ঞের মতামত নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে হলমার্কের যেসব জামানত ব্যাংকের হাতে রয়েছে, তার যাচাই-বাছাই চলছে। এ জন্য ১২টি ভূমি জরিপ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।