সোনালী ব্যাংকের ১২ কর্মকর্তাকে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স সুগারের ১৫০ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগে সোনালী ব্যাংকের ১২ কর্মকর্তাকে আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।যাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখার দুই সিনিয়র অফিসার শেখ মো. ফজলুল হক ও বিশ্বম্ভর কুমার নাথ, এক্সিকিউটিভ অফিসার বিপ্লব ভূষণ বক্সি, দুই এজিএম মোজাম্মেল হক খান ও মো. আনিসুজ্জামান, ওই শাখার সাবেক ও বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের ডিজিএম মেজবাহ উদ্দিন, প্রধান কার্যালয়ের শিল্প প্রকল্প অর্থায়ন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম, এক্সিকিউটিভ অফিসার মো. ইসমাইল, দুই এজিএম আবুল কালাম মো. ইসহাক ও সুখেন্দু বিকাশ সাহা, সাবেক ডিজিএম মেজবাউল হক ও বর্তমানের ডিজিএম তারিকুল ইসলাম চৌধুরী। কর্মকর্তাদের মধ্যে প্রথম পাঁচজনকে ৩০ এপ্রিল ও পরের সাতজনকে আগামী ২ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়ার সই করা নোটিশে বলা হয়েছে, ওই ১২ কর্মকর্তা পরস্পরের যোগসাজশে পারটেক্স সুগারের এলসির বিপরীতে ব্যাংকের ১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, পারটেক্স সুগারের চারটি এলসির বিপরীতে ৫ শতাংশ নগদ অর্থ জামানত হিসাবে দেওয়ার নিয়ম। কিন্তু নিয়ম ভেঙে প্রতিষ্ঠানটি ও সোনালী ব্যাংকের কিছু কর্মকর্তা ওই চারটি এলসির বিপরীতে জমা রেখেছেন প্রতিষ্ঠানটির এফডিআর (স্থায়ী আমানত)। আর নিয়ম অনুযায়ী এফডিআর থেকে প্রাপ্ত সুদ সব সময় জমা হয় গ্রাহকের হিসাবে। ফলে এলসির বিপরীতে আমানত রাখা এফডিআরের সুদ জমা হয়েছে পারটেক্স সুগারের হিসাবে। অন্যদিকে ব্যাংকের হিসাবের খাতায় কোনো অর্থ জমা হয়নি। এভাবে ১৫০ কোটির টাকার বেশি আর্থিক ক্ষতি করা হয়েছে সোনালী ব্যাংকের।