হলমার্ক কেলেঙ্কারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করেছে সোনালী ব্যাংক লিমিটেড। আজ বৃহস্পতিবার বিভিন্ন পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকটি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হুমায়ন কাশেম প্রথম আলো ডটকমকে এ কথা জানান।আজ বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক ২৬ আগস্ট সোনালী ব্যাংককে হলমার্ক কেলেঙ্কারির জন্য চিহ্নিত ৩২ কর্মকর্তাকে বরখাস্ত করে ৩০ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী কর্মকর্তাদের বরখাস্ত করেছে ব্যাংকটি।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন: রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা উজ্জ্বল কিশোর ধর, তুষার কান্তি ধর, জেসমিন নাহার, মিহির চন্দ্র মজুমদার, কনিষ্ঠ কর্মকর্তা ওয়াকিলউদ্দিন আহমেদ ও কর্মকর্তা সাইদুর রহমান, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক শাফিজ উদ্দিন আহমেদ ও এজাজ আহমেদ, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান ও নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, মহাব্যবস্থাপক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গোলাম নবী মল্লিক ও আশরাফ আলী পাটোয়ারী, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ওয়াহেদ উদ্দিন আহমেদ এবং পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের উপমহাব্যবস্থাপক নেসার আহমেদ চৌধুরী, নির্বাহী কর্মকর্তা একরামুল হক মণ্ডল ও শাখা পরিদর্শক কামরুল হোসেন খান।এদিকে, রূপসী বাংলা হোটেল শাখা থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আজ ব্যাংকের আরও পাঁচজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন: আ ন ম হেদায়েত উল্লাহ, সবিতা সিরাজ, গোলাম নবী মল্লিক, আশরাফ আলী পাটোয়ারী ও ওয়াহেদ উদ্দিন আহমেদ। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের তদন্তকারী দল পৃথকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশ ব্যাংকের অভিযোগের পরিপ্রক্ষিতে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।