সোনালী ব্যাংকের ৩৯ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখায় হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীরসহ বর্তমান ও সাবেক ৩৯ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কর্মকর্তা জালিয়াতি সংঘটিত হওয়ার সময়কালে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার মহাব্যবস্থাপক (জিএম) কার্যালয়, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগ, প্রধান কার্যালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ-২, প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড কন্ট্রোল বিভাগ এবং রূপসী বাংলা শাখায় কর্মরত ছিলেন। তবে এঁদের মধ্যে ৩২ কর্মকর্তা হলমার্ক কেলেঙ্কারিতে প্রাথমিকভাবে জড়িত বলে চিহ্নিত হয়েছেন। সোনালী ব্যাংকেরই অভ্যন্তরীণ নিরীক্ষা ও বহিঃনিরীক্ষকের প্রতিবেদনে এঁদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে গতকাল রোববার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এই ৩৯ কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের হিসাবের লেনদেনের বিবরণী পাঠাতে বলা হয়। সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের স্বার্থে তাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।সোনালী ব্যাংকের যে ৩৯ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার নাম এতে রয়েছে, তাঁদের কয়েকজনকে ইতিমধ্যেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আবার ৩১ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। অন্তত দুজন কর্মকর্তা আছেন যাঁরা অন্য ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তালিকায় আছে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদ থেকে সম্প্রতি ওএসডি হওয়া কর্মকর্তা মইনুল হক ও আতিকুর রহমান। বর্তমানে বেসিক ব্যাংকের এমডি ও ২০১০ সালে হলমার্ক জালিয়াতির সময় ২০ দিন সোনালী ব্যাংকের ডিএমডির দায়িত্বে ছিলেন কাজী ফখরুল ইসলাম, একই সময়ে দায়িত্বে থাকা অপর ডিএমডি ও বর্তমান কর্মসংস্থান ব্যাংকের এমডি মুশতাক আহমেদের নামও রয়েছে এই তালিকায়।তালিকায় রয়েছেন রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও সাময়িকভাবে বরখাস্ত হওয়া ডিজিএম এ কে এম আজিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তালিকায় নাম আছে মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, ননী গোপাল নাথ, নওশের আলী খোন্দকার, মাহবুবুল হক, আ ন ম মাসরুরুল হুদা সিরাজী, মোস্তাফিজুর রহমান ও আলী হোসেন খান। উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আ ন ম হেদায়েত উল্লাহ, সবিতা সিরাজ, মো. মুছা, শেখ আলতাফ হোসেন, মো. আহসান উল্লাহ ও বেগম আজিজুন্নাহার ও মোরশেদ আলম খোন্দকার।তালিকায় আরও আছেন, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোলাম নবী মল্লিক, আশরাফ আলী পাটোয়ারী, সাফিজ উদ্দিন আহমেদ, বিজন কুমার পাল, আবুল বাশার মিজি, দেলোয়ার হোসেন আব্বাসী, আনোয়ার হোসেন খান, আবদুল মোমিন পাটোয়ারী, শ্যামল কান্তি নাথ ও মো. শাহজাহান।জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (এসইও) ওয়াহিদ উদ্দিন আহমেদ ও সোহরাব হোসেন। নির্বাহী কর্মকর্তা (ইও) আবদুল মতিন, জ্যেষ্ঠ কর্মকর্তা মিহির চন্দ্র মজুমদার, উজ্জ্বল কিশোর ধর ও মো. ওয়াহিদুজ্জামান, কর্মকর্তা উকিল উদ্দিন আহম্মেদ এবং সাইদুর রহমান।