সোনাহাটা-বাগবাড়ী রাস্তা পাকা না হওয়ায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সোনাহাটা-বাগবাড়ী রাস্তা পাকা করার কাজ ছয় বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে এলাকাবাসী পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) ধুনট অফিস সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে পাঁচ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্য সোনাহাটা-বাগবাড়ী রাস্তা পাকা করার কাজ শুরু হয়। কাজটি ২০০৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ২০১০ সালেও শেষ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।নিমগাছি গ্রামের আপাল সেখ বলেন, ‘দুই বছরের কাজ ছয় বছর হলো করিচ্ছে। তাও শেষ করতে পারিচ্ছে না। অ্যাইংকা করে রাস্তা পাকা করলে এলাকার মানুষের কষ্টের শ্যাষ থাকপো না। অনেক দিন ধইরা রাস্তাডা দিয়া হাঁটোন যাচ্ছে না। গাড়ি ভ্যনোত চড়ন যায় না। হাটোত বাজারে ধান-পাট নেয়ন সমস্যা।’ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধইরা এই খারাপ রাস্তায় ভ্যান চালাইতে অসুবিধা হচ্ছে। আর কোনো রাস্তা না থাকায় কষ্ট করে ভ্যান নিয়ে ওই রাস্তা দিয়েই যেতে হচ্ছে।’ নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘রাস্তাটা অনেক দিন ধরে করতিচে, কিন্তু কাজ শেষ করতে পারতিছে না। আর কত দিন লাগবে তাও সঠিক করে কেউ বলতে পারিচ্ছে না। হামি ঠিকাদার প্রতিষ্ঠানে লোকজনদের সঙ্গে অনেক কথা বলেছি। কাজটা তাড়াতাড়ি করে শেষ করতে অনেক বার অনুরোধ করছি। কিন্তু তারা হামার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না।’ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক বাদল হোসেন বলেন, ‘নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় এবং সময়মতো নির্মাণ সামগ্রী না পাওয়ায় কাজ করতে দেরি হচ্ছে। ব্যক্তিগত গাফিলতির কারণে কাজ করতে দেরি হয়নি। ২০১০ সালের ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তার নির্মাণকাজটি শেষ করার চেষ্টা করছি।’উপজেলা প্রকৌশলী আবদুুর রশিদ জানান, ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে না পারলে নির্মাণকাজের বিল নিয়ে জটিলতা দেখা দেবে। ফলে যেকোনো মূল্যে রাস্তার কাজ শেষ করতে হবে। মাঝখানে কিছুদিন কাজ বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। আশা করি, ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে।