সোনায় মোড়ানো একদিন বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সোনার জন্যই যেখানে তাকিয়ে থাকতে হয় তীর্থের কাকের মতো, সেখানে এক দিনে তিনটি সোনা! অবিশ্বাস্য না হলেও ব্যতিক্রমী ঘটনা তো বটেই। দক্ষিণ এশীয় গেমসের নবম দিনটা বাংলাদেশকে যেন দুহাত ভরে দিয়ে গেল।এই তিন সোনার কল্যাণে পদক তালিকায় স্বাগতিকদের অবস্থান কিছুটা ভদ্রস্থ দেখাচ্ছে। এখন পর্যন্ত সংগ্রহ ৮ সোনা। বাংলাদেশকে তৃতীয় স্থানে রেখে ১১ সোনা নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ভারতের কথা না বলাই ভালো। ৫৭টি সোনা জিতে তারাই শীর্ষে। দুপুরে গলফ কোর্স থেকে দিনের প্রথম সোনাটির খবর এল। তার পর সিলেট অনুষ্ঠানরত উশু থেকে এল দ্বিতীয় সোনা জয়ের খবর। সবশেষে পড়ন্ত বিকেলে তায়কোয়ান্দো দিয়েছে দিনের তৃতীয় ও শেষ সোনাটি।গলফে এক দিন আগে ৩৬ হোল ইভেন্টে দলীয় সোনা জেতার পর কাল ৭২ হোলে ব্যক্তিগত সোনা জিতে নিয়েছেন দুলাল হোসেন। ব্যক্তিগত রুপা-ব্রোঞ্জও বাংলাদেশের। মনে হতে পারে, আর বুঝি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না! ছিল, তবে বাংলাদেশের গলফারদের দাপটের কাছে সবাই ম্লান হয়ে গেছে।উশু এক-দুটি সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথম দিন সোনা না এলেও দ্বিতীয় দিনেই হলো লক্ষ্যপূরণ। ৫২ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন ইতি ইসলাম। শ্রীলঙ্কার ওয়াশান্তি লাকমালি হেরেছেন ইতির কাছে।তায়কোয়ান্দোর সোনাটি এনে দিয়েছেন শারমিন ফারজানা ওরফে রুমি। ৪৬ কেজি ওজন শ্রেণীতে হারিয়েছেন তিনি আফগানিস্তানের লায়লা হুসেইংকে। তায়কোয়ান্দো মহলে আশা, আজ আরও সোনা আসতে পারে মার্শাল আর্টের অপ্রচলিত এই খেলা থেকে।তিন সোনার দিনে দলীয় রুপা এল মেয়েদের শ্যুটিংয়ের ৫০ মিটার থ্রি পজিশনে। সাবরিনা সুলতানা, তৃপ্তি দত্ত ও শারমিন শিল্পা এনেছেন এই রুপা। ব্যক্তিগত ব্রোঞ্জ ছিল সাবরিনার বাড়তি প্রাপ্তি। সাঁতারপুলে দিনটা ভালো কাটেনি। সাকল্যে অর্জন তিনটি ব্রোঞ্জ। অ্যাথলেটিকস ট্র্যাকেও তথৈবচ। দিনের ৬টি ইভেন্টের মধ্যে বাংলাদেশের প্রাপ্তির খাতায় মাত্র দুটি ব্রোঞ্জ। ব্রোঞ্জের বেশি কিছু আসেনি স্কোয়াশ থেকেও।মহিলা ফুটবলে ভারতের কাছে ০-৭ গোলে হেরেছে বাংলাদেশ। গেমস শুরুর আগে মহিলা ফুটবলের সোনা আসতে পারে বলে প্রত্যাশা জানানো হয়েছিল বড় গলায়, কিন্তু বাংলাদেশকে এখন লড়তে হচ্ছে ব্রোঞ্জের জন্য।