সোনিয়া-রাহুলের দখলে ১৬০০ কোটি রুপির সম্পদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এক হাজার ৬০০ কোটি রুপি মূল্যের সম্পদ দখলের অভিযোগ উঠেছে। বিরোধী দল জনতা পার্টির সভাপতি সুব্রামানিয়ান স্বামী আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সম্মেলনে স্বামী বলেন, ভুয়া কোম্পানি পরিচালনা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার করেছেন সোনিয়া-রাহুল। তাঁরা দুজন যৌথভাবে ইয়ং ইন্ডিয়ান নামের একটি কোম্পানির ৭৬ শতাংশের মালিক হয়েছেন।স্বামী অভিযোগ করেন, ২০০৮ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করার আগে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় রাহুল ওই কোম্পানির মালিকানার বিষয়টি উল্লেখ করেননি। তিনি বলেন, সরকারি খাত থেকে অর্থ নিয়ে রাহুল ব্যক্তিগত কোম্পানি পরিচালনা করেছেন। তিনি আরও দাবি করেন, ওই কোম্পানির বৈঠক হয় দিল্লির ১০ নম্বর জনপথে সোনিয়ার সরকারি বাসভবনে। এটি আইনের পরিপন্থী।স্বামী দাবি করেন, ইয়ং ইন্ডিয়ান দিল্লির ‘হেরাল্ড হাউস’ নামের একটি ভবনের মালিক। ওই ভবনের দুটি তলা একটি পাসপোর্ট অফিসকে ভাড়া দেওয়া হয়েছে। সে জন্য মাসে ৩০ লাখ রুপি ভাড়া নেওয়া হয়। এর ৭৬ শতাংশ পান সোনিয়া-রাহুল। এসব তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) হস্তক্ষেপ চেয়েছেন স্বামী। টাইমস অব ইন্ডিয়া।