সোনিয়া গান্ধী আজ আসছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আজ রোববার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি আগামীকাল সোমবার অটিজম-বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বিকেলে বঙ্গভবনে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া বিশেষ সম্মাননা গ্রহণ করবেন তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক। বিদেশিদের জন্য এটি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাত নয়টার দিকে ঢাকায় আসবেন ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার চেয়ারপারসন সোনিয়া গান্ধী। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুুতুল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।সোনিয়া গান্ধীর সঙ্গে ঢাকায় আসছেন ভারতের গৃহায়ণ, দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতিমন্ত্রী কুমারী সাইলেজা।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোনিয়া গান্ধী সরাসরি যাবেন হোটেল সোনারগাঁয়ে। বাংলাদেশ সফরের সময় এখানেই অবস্থান করবেন তিনি। পরদিন অর্থাৎ সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করবেন সোনিয়া গান্ধী। সাভার থেকে ফিরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর হোটেল রূপসী বাংলায় অটিজম-বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর হোটেল স্যুইটে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এরপর সোনিয়া গান্ধী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছ থেকে তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর সম্মাননা গ্রহণ করবেন। সোনিয়া রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য আলাপও করবেন। সেখান থেকে তিনি রূপসী বাংলায় তাঁর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল রাত নয়টা ৪৫ মিনিটে সোনিয়া গান্ধীর দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।বঙ্গভবনে সম্মাননা অনুষ্ঠান: আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সোনিয়া গান্ধীর হাতে ইন্দিরা গান্ধীর সম্মাননা তুলে দেওয়া হবে।অনুষ্ঠান প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মহান মুুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ হিসেবে ১৮ ক্যারেটের ২০০ ভরি ওজনের স্বর্ণ দিয়ে তৈরি পদক ও তিন পৃষ্ঠার একটি মানপত্র দেওয়া হবে।’ সচিব জানান, সৌহার্দ্য, শান্তি ও অর্জনের প্রতীক হিসেবে কদমগাছের নকশাসংবলিত ষোড়শ শতাব্দীর টেরাকোটার আদলে তৈরি পদকের নকশা করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খান।জানা গেছে, সেগুন কাঠের ফ্রেমে ভাঁজ করা বক্সের মধ্যে দুই পাশে দুটি প্লেট থাকবে। বন মন্ত্রণালয়ের কাছে মজুদ থাকা প্রায় ৫০ বছরের পুরোনো কাঠ ব্যবহূত হয়েছে এতে। প্লেট দুটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮ দশমিক ২৫ ও ৮ দশমিক ৫ ইঞ্চি। পদকের বাঁ পাশের প্লেটটিতে বাংলা ও ইংরেজিতে স্বর্ণের ওপর খোদাই করে লেখা থাকবে শ্রীমতি ইন্দিরা গান্ধী, রাষ্ট্রনায়ক, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীকে (২৪ জানুয়ারি ১৯৬৬ হতে ২৪ মার্চ ১৯৭৭; ১৪ জানুয়ারি ১৯৮০ হতে ৩১ অক্টোবর ১৯৮৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্যসাধারণ অবদানের জন্য বাঙালি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সর্বোচ্চ নিদর্শনস্বরূপ ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ স্মারক প্রদান করা হলো। ১০ শ্রাবণ ১৪১৮, ২৫ জুলাই ২০১১ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী ঢাকায় বঙ্গভবনে প্রদত্ত।”এর নিচে বাঁ পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডান পাশে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের খোদাই করা সই থাকবে। পদকের ডান পাশের প্লেটে থাকবে এ অঞ্চলের ষোড়শ শতাব্দীর টেরাকোটা নকশার আদলে কদমগাছের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অসামপ্রদায়িক ও গণতন্ত্রকামী মূল্যবোধের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক সচিব জানান, ইন্দিরা গান্ধীকে তিন পৃষ্ঠার মানপত্র দেওয়া হবে। তবে অনুষ্ঠানে এক পৃষ্ঠার একটি মানপত্র পাঠ করবেন ক্যাবিনেট-সচিব এম আবদুল আজিজ। মানপত্রে উল্লেখ থাকবে, ‘শুরু থেকেই নানা প্রতিকূলতার পরও বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে ছিলেন ইন্দিরা গান্ধী। প্রায় এক কোটি শরণার্থীকে তিনি আশ্রয় দিয়েছিলেন। প্রতিনিয়ত কূটনৈতিকভাবে নানা সমস্যার মোকাবিলা করে এ দেশের মানুষের মুক্তিসংগ্রামে দৃঢ়তার সঙ্গে সাহস জুগিয়েছেন। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’