সোনিয়া গান্ধী ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী আজ রোববার রাতে ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন ভারতের ক্ষমতাশীল জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স—ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী।সোনিয়া গান্ধী কাল সোমবার সকালে হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠেয় অটিজম-বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে বঙ্গভবনে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া বিশেষ সম্মাননা গ্রহণ করবেন তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোনিয়াকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান রাত আটটা ৪৫ মিনিটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ সময় বিমানবন্দরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।সোনিয়া গান্ধীর সঙ্গে ঢাকায় এসেছেন ভারতের গৃহায়ণ, দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতিমন্ত্রী কুমারী শৈলজা।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সোনিয়া গান্ধী সরাসরি হোটেল সোনারগাঁওয়ে যান। বাংলাদেশ সফরের সময় তিনি পাঁচ তারকা হোটেলটিতে থাকবেন।দিনের কার্যসূচি: কাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করবেন সোনিয়া গান্ধী। সাভার থেকে তিনি হোটেল রূপসী বাংলায় অটিজম-বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।