সোবহানের খুনিদের গ্রেপ্তার দাবি, ব্যথায় কাতরাচ্ছে ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গা-মারী উপজেলায় বৃদ্ধ আবদুস সোবহানের হত্যাকাণ্ডে জড়িত বখাটেদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবারও মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে।এদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলায় বখাটেদের হামলায় আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যথায় ছটফট করছে। অর্থাভাবে মেয়ের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার দরিদ্র মা।কুড়িগ্রাম: গতকাল বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সদরের জামতলা মোড়ে মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক ছলিম উদ্দিন, অধ্যক্ষ বাবুল আক্তার, প্রভাষক আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির ভূরুঙ্গামারী শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বেলা একটার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে জামতলা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রোকনুজ্জামান, মৌসুমি গুগলি, মোনাব্বের হোসেন প্রমুখ।প্রসঙ্গত, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই বখাটে ও তাদের স্বজনেরা ১৭ নভেম্বর সকালে ভূরুঙ্গামারীর সদর ইউনিয়নের নলেয়া গ্রামে নানা আবদুস সোবহানকে (৭০) মারধর ও শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু চার দিনেও আসামি বখাটে রিপন ও মোস্তফাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।বদরগঞ্জ: বখাটেদের হামলায় আহত স্কুলছাত্রী গতকালও বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যথার যন্ত্রণায় ছটফট করেছে। অর্থাভাবে মেয়েটির উন্নত চিকিৎসা করাতে পারছেন না মেয়েটির মা।মেয়েটির চিকিৎসার জন্য বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার গতকাল থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকদের (এএসআই) কাছ থেকে ৮০০ টাকা চাঁদা তুলে হাসপাতালে পাঠিয়েছেন। ওই টাকায় ইনজেকশন কিনে মেয়েটির শরীরে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার গতকাল বিকেলে মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। প্রথম আলোকে তিনি বলেন, হাসপাতালের ওষুধপত্রে মেয়েটির চিকিৎসা চলছে। প্রয়োজনে ব্যক্তিগতভাবে তার চিকিৎসায় সহযোগিতা করা হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল বাকী সরকার জানান, মেয়েটি পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। ব্যথা এখনো রয়েছে। ভেঙে যাওয়া দাঁতগুলোর জন্য উন্নত চিকিৎসা দরকার। বর্তমানে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।মেয়েটির মা জানান, ‘বখাটেদের কারণে তিনটি দাঁত ভাঙায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কের সুপরিরঘাট সেতু স্থানে বখাটেরা মেয়েটির হাত ধরে টান মারে। এতে রিকশাভ্যান থেকে পাকা সড়কে পড়ে গিয়ে মেয়েটির সামনের তিনটি দাঁতের বেশির ভাগ অংশ ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। ওই দিন রাতে বদরগঞ্জের ইউএনও তোবারক আলী সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।