সোমনাথ হোরের ‘ক্ষত’
ভারতের প্রখ্যাত শিল্পী সোমনাথ হোরের ছাপচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও কলকাতার আকার প্রকার গ্যালারির সহযোগিতায় আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘ক্ষত’ নামের এই প্রদর্শনী।১০ দিনব্যাপী এই প্রদর্শনীতে সোমনাথ হোরের ছাপচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মুর্তজা বশীর। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ভারতের চিত্রসমালোচক প্রণব রঞ্জন রায় ও শিল্পীর কন্যা চন্দনা হোর। প্রদর্শনী চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।সোমনাথ হোরের জন্ম চট্টগ্রামে ১৯২১ সালে। তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় ডিপ্লোমা করেন। বহু একক ও দলবদ্ধ প্রদর্শনী হয়েছে তাঁর কাজের। তিনি ‘গগন-অবন পুরস্কার’, ‘ললিতকলা রত্ন পুরস্কার’, ভারত সরকারের ‘পদ্মশ্রী পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালে শিল্পী মৃত্যুবরণ করেন।