সোমনাথ হোরের ‘ক্ষত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর নাম ‘ক্ষত’। অধিকারবঞ্চিত মানুষের জীবনের অত্যাচার-নিপীড়নের ক্ষতের বিষয়টি তুলে ধরেছিলেন ভারতের প্রখ্যাত শিল্পী সোমনাথ হোর। সেই সব শিল্পকর্ম নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী শুরু হলো গতকাল শুক্রবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও কলকাতার আকার প্রকার গ্যালারির সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকার পরে চট্টগ্রামেও প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানান।গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুর্তজা বশীর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ভারতের চিত্র সমালোচক প্রণব রঞ্জন রায়। আলোচনা করেন শিল্পীর কন্যা চন্দনা হোর ও আকার প্রকার গ্যালারির পরিচালক রিনা লাথ। স্বাগত বক্তৃতা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। আলোচকেরা শিল্পী সোমনাথ হোরের রাজনৈতিক জীবনাদর্শ, শিল্পকর্ম ও তাঁর সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণা করেন।প্রদর্শনীতে ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে করা ৭৬টি শিল্পকর্ম রয়েছে। এটি চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।সোমনাথ হোরের জন্ম চট্টগ্রামে ১৯২১ সালে। তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে চারুকলায় ডিপ্লোমা করেন। বহু একক ও দলবদ্ধ প্রদর্শনী হয়েছে তাঁর কাজের। তিনি ‘গগন-অবন পুরস্কার’, ‘ললিতকলা রত্ন পুরস্কার’, ‘ভারত সরকারের ‘পদ্মশ্রী পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালে শিল্পী মৃত্যুবরণ করেন।