সোমবার আসছে হুমায়ূনের মরদেহ
হুমায়ূন আহমেদের মরদেহ দেশে পৌঁছাতে এক দিন বিলম্ব হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, তাঁর মরদেহ সোমবার সকাল নয়টায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্ক সময় শনিবার রাতে লেখকের স্বজনেরা মরদেহ নিয়ে রওনা দেবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ব্যবস্থাপনায় হুমায়ূন আহমেদের মরদেহ এবং তাঁর পরিবারকে দেশে পাঠানো হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন পরিবর্তিত এ সময়সূচি নিশ্চিত করেছেন।প্রয়াত লেখকের স্বজনদের মধ্যে নিউইয়র্কে থাকা ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ভ্রাতৃবধূ ড. ইয়াসমিন হক নিউইয়র্ক সময় শুক্রবার রাতেই ঢাকার পথে যাত্রা করেছেন। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই সন্তান নিষাদ ও নিনিত, শাশুড়ি তহুরা আলী, প্রকাশক মাজহারুল ইসলাম এবং মেহের আফরোজ শাওনের ছোট বোন সেঁজুতি মরদেহের সঙ্গে একই ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন।শুক্রবার বাদ জুমা জানাজার পর প্রয়াত লেখকের মরদেহ আবার ইসলামিক ফিউনারেল হোমে রেখে দেওয়া হয়েছে। ফিউনারেল হোম থেকে শনিবার রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস ফ্লাইটের জন্য মরদেহ জেএফকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজার পর সংক্ষিপ্ত সময়ের জন্য প্রিয় লেখককে শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হয়। দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল নিয়ন্ত্রণহীন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আক্রামুল কাদের। মা ও ছেলেদের নিয়ে এলেন শাওনবেলা সাড়ে ১১টার কিছু পর হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর মা তহুরা আলী, দুই ছেলে নিনিত ও নিষাদকে নিয়ে ফিউনারেল হোমে পৌঁছান।মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদের কফিন ধরে বিলাপ করতে থাকেন, ‘জিম জিম, তুমি চলে গেলে। তোমাকে ছাড়া আমি বাঁচব কীভাবে?’ হুমায়ূন আহমেদকে সম্ভবত ‘জিম’ নামেই ডাকতেন তাঁর স্ত্রী শাওন। শাওন বলছিলেন—জিম, তুমি বলতে, ‘কুসুম, আমার চোখ বুলিয়ে দাও (শাওনকে হুমায়ূন আহমেদ কুসুম বলেই ডাকতেন)। শাওন বলেন, ‘দেখো জিম, আমি তোমার চোখ বুলিয়ে দিচ্ছি।’ শাওন বিলাপ করতে থাকেন, ‘জিম, বলো আমি কী নিয়ে বাঁচব? তোমাকে তো আমি রাখতে পারলাম না।’এ সময় শাওনের মা তহুরা আলী মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, ‘দুই সন্তানের জন্যই তোমাকে বেঁচে থাকতে হবে। মন শান্ত করো মা।’নিষাদ এবং নিনিতদুই সন্তান নিষাদ ও নিনিত শেষ দেখা দেখেছে ওদের বাবা কোটি জনতার প্রিয় মানুষ হুমায়ূন আহমেদকে। ‘বাবাকে বাই বলো, বাবার কাছ থেকে বিদায় নাও’—বলছিলেন মা মেহের আফরোজ শাওন। অবোধ দুই শিশুপুত্র কেবলই এদিক-ওদিক তাকাচ্ছিল।