সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া এ কর্মসূচির ঘোষণা করেন।আবদুল কাদের ভূঁইয়া বলেন, বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়া হলে ওই দিনই কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে আগামী শনিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে আট দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ছাত্রদল, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাকারী চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, পরিবেশ পরিষদ কার্যকর করা, ক্রিয়াশীল সব সংগঠনের অংশগ্রহণে ডাকসু নির্বাচন দেওয়া, হলগুলো বহিরাগত মুক্ত ও বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসীদের বিতাড়ন করা, বর্ধিত বেতন ও ভর্তি ফি প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলো থেকে ছাত্রলীগের সন্ত্রাসী ও পুলিশের পাহারা প্রত্যাহার করা।ছাত্রদলের সভাপতি সাংবাদিকদের বলেন, ছাত্রদলের কর্মসূচি প্রতিহত করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রতিটি হলে ঢাকা শহরের চিহ্নিত সন্ত্রাসীদের সমাবেশ ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ দ্বারে পুলিশ ও ছাত্রলীগ প্রকাশ্যে অস্ত্রসহ পাহারা বসিয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ ছাত্রদলের কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।