সোমবার থেকে পণ্য পরিবহন ধর্মঘট
পণ্য পরিবহন-মালিকেরা আগামী সোমবার থেকে সারা দেশে লাগাতার ধর্মঘট আহবান করেছেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে মহাসড়কে পণ্যবাহী গাড়ি ছিনতাই প্রতিরোধসহ পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদের সমন্বয়কারী দোলন কান্তি বড়ুয়া। লিখিত বক্তব্যে বলা হয়, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে মহাসড়কে পুলিশি হয়রানি, গাড়ি ছিনতাই ও ত্রিপল কাটা পার্টির দৌরাত্ম্যে পণ্য পরিবহন ব্যবসার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। গত জুন মাসে সাভার ও আশুলিয়ায় তিনটি পণ্যবাহী গাড়ি ছিনতাই হয়েছে। গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাভার, ধামরাই, গাজীপুর ও টঙ্গী মহাসড়কে ১০টির মতো পণ্যবাহী গাড়ি ছিনতাই হয়েছে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, এসব ঘটনায় হাইওয়ে পুলিশ মামলা নেয়নি। বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি পণ্য পরিবহন সমিতির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ কমিশনার ও পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শকের সঙ্গে দেখা করে পণ্যবাহী গাড়ি উদ্ধারসহ নানা সমস্যার কথা লিখিতভাবে জানালেও তাঁরা কোনো প্রতিকার পাননি।পণ্য পরিবহন মালিকদের দাবির মধ্যে আছে চুক্তি অনুযায়ী রাত নয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে দিতে হবে। পণ্যবাহী গাড়ি চলাচলে বেড়িবাধ, বুড়ীগঙ্গা সেতু ব্যবহার করতে এবং এর পাশে গাড়ি রাখতে দিতে হবে। পণ্যবাহী ভ্যান ও ঠেলাগাড়ি চলাচলে পুলিশি প্রতিবন্ধকতা বন্ধ করতে হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আমানউল্লাহ, সদস্যসচিব আবদুল মান্নান, ইকবাল মাহমুদ, আবদুল কাদের দীলিপ সাহা প্রমুখ।