সোমবার শহীদ মিনারে মালিক-শ্রমিকদের মহাসমাবেশ
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ২৪ অক্টোবর সোমবার মহাসমাবেশ ডাকা হয়েছে। তবে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিকদের প্রতি এই সমাবেশ বর্জনের আহ্বান জানিয়েছে।কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। কী দাবিতে এই মহাসমাবেশ ডাকা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।এদিকে নিরাপদ সড়কের দাবিতে এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে গতকাল বৃহস্পতিবার শহীদ মিনারে নাগরিক সমাবেশ করেছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। আগামীকাল একই দাবিতে একই স্থানে গণ-অনশন করবে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর আয়োজনে নাগরিক সমাজ।একাধিক পরিবহন মালিক ও শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের মহাসমাবেশ ডাকা হয়েছে এই দুটি কর্মসূচির পাল্টা হিসেবে।তবে মহাসমাবেশের সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, এটা কোনো পাল্টা কর্মসূচি নয়। সমাবেশে ১১ দফা দাবি ঘোষণা করা হবে। দাবিগুলো কী, জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো এখনই বলা যাবে না।’ তাঁর দাবি, চারটি সংগঠন মিলে এই মহাসমাবেশ ডেকেছে এবং এর ব্যয়ও তারা বহন করছে। এর জন্য কোনো চাঁদাবাজি হচ্ছে না।মালিক-শ্রমিকদের ব্যানারে মহাসমাবেশের জন্য যে পোস্টার শহরময় দেখা যাচ্ছে, তাতে দাবিদাওয়ার কোনো উল্লেখ নেই। পোস্টারে বড় করে নৌমন্ত্রীর ছবি দেওয়া হয়েছে। আর ওপরে লেখা আছে, ‘সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।’মালিক ও শ্রমিক সূত্রগুলো বলছে, গণমাধ্যমে লেখালেখি, হাইকোর্টের রায় ও নাগরিক সমাজের সোচ্চার ভূমিকার কারণে যোগ্যতার পরীক্ষা ছাড়া পেশাদার চালক লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই প্রক্রিয়ায় ২৮ হাজার লাইসেন্স দেওয়ার কথাবার্তা শুরু হলে এ নিয়ে সব মহল থেকে সমালোচনা হয়।এই সমাবেশের বিষয়ে জানতে চাইলে বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজি. ১৭১৫) সভাপতি আলী রেজা প্রথম আলোকে বলেন, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কোনো নিবন্ধন নেই। আর নিবন্ধনহীন পরিষদ দিয়ে দাবি আদায় করা যাবে না। এটা আসলে দাবি আদায়ের সমাবেশ নয়, শক্তি প্রদর্শনের সমাবেশ। তিনি দাবি করেন, সড়ক পরিবহনের সমাবেশ হলেও নৌযান শ্রমিকসহ অন্য অনেক শ্রমিককে সমাবেশে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। তিনি চাপের কাছে নতিস্বীকার না করে সমাবেশ বর্জনের আহ্বান জানান শ্রমিকদের প্রতি।