সোমালিয়ায় হোটেলে আত্মঘাতী বোমা হামলা, সাংসদসহ নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনের কাছে মুনা নামের একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে ও আত্মঘাতী বোমা হামলায় কয়েকজন সাংসদসহ ১৫ জন নিহত হয়েছে।মোগাদিসুর বিবিসি প্রতিনিধি জানান, হামলাকারীরা সরকারি সেনাসদস্যের বেশে হামলা চালায়। এ হামলায় অন্তত চারজন সাংসদ নিহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।হামলাকারীরা হোটেলের সামনে এসে গার্ডকে গুলি করে ভেতরে প্রবেশ করে এবং হামলাকারীদের একজন আত্মঘাতী বোমা হামলা চালায়।আফ্রিকান ইউনিয়নের (এইউ) মুখপাত্র মাজ বারিগে বাহোকু আত্মঘাতী বোমা হামলার সত্যতা স্বীকার করে বলেছেন, নিরাপত্তা বাহিনী অন্য বন্দুকধারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।ইসলামি জঙ্গি সংগঠন আল-সাহাবের সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমালিয়া সরকারকে সহায়তা করার জন্য সেখানে মোতায়েন করা এইউয়ের ৬০ হাজার সেনাসদস্যকে সম্প্রতি ‘হানাদার বাহিনী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল-সাহাব।গতকাল সোমবারও সোমালিয়ার সরকারি সেনাসদস্যদের সঙ্গে আল-সাহাব জঙ্গিদের মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত এবং কমপক্ষে ১৩০ জন আহত হয়েছে বলে সোমালিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বিবিসি অনলাইন