সোমালিয়া ছেড়ে পালিয়েছে আল শাবাবের জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার কেনিয়া ও সোমালিয়ার সরকারি বাহিনীর যৌথ হামলার মুখে সোমালিয়ার আল শাবাব জঙ্গিগোষ্ঠী ওই দেশের কিসমায়ুতে তাদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ছেড়ে পালিয়েছে। জঙ্গিগোষ্ঠীর নেতা এবং স্থানীয় লোকজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যৌথ বাহিনী সোমালিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র হামলা শুরু করার এক দিন পর জঙ্গিরা এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কিসমায়ু হারানোর পর আল-কায়েদার সহযোগী এই গোষ্ঠী নৈতিক মনোবল হারিয়েছে এবং রাজস্ব আদায় করতে না পেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। তবে এর মধ্য দিয়ে পাঁচ বছর ধরে চলা সংঘর্ষের ইতি ঘটবে বলে মনে হচ্ছে না।আল শাবাবের জঙ্গিরা আফ্রিকার শিং হিসেবে পরিচিত ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া ও সোমালিয়ার বিশাল ভূখণ্ড দখল করে রেখেছে। সোমালিয়ায় দুর্বল শাসনব্যবস্থার সুযোগে আল শাবাব ওই দেশে গেরিলা কায়দায় আত্মঘাতী হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছিল।আজ আল শাবাবের মুখপাত্র শেখ আলী মোহাম্মদ রেজ ওই বার্তা সংস্থাকে বলেন, ‘মধ্যরাতে কিসমায়ু থেকে আমরা আমাদের সেনাদের সরিয়ে নিই।’তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ নিতে মুখিয়ে আছি। শত্রুরা এখনো শহরে ঢোকেনি। ঢুকে তো দেখুক; তারপর বুঝবে যুদ্ধক্ষেত্র বলতে কী বোঝায়।’স্থানীয় লোকজন জানিয়েছেন, মধ্যরাতে আল শাবাবের জঙ্গিরা পালিয়ে গেলেও আফ্রিকান ইউনিয়নের অধীনে যুদ্ধরত সোমালি ও কেনীয় সেনারা শহরের দখল না নিয়ে বাইরে তাঁবু গেড়েছে।তবে এই সুযোগে শহরে লুটপাট হচ্ছে বলে খবর মিলেছে। আলী হুসেন নামের এক ব্যক্তি বলেন, ‘আল শাবাব নির্মূল হয়নি। তাই সামনে কী হয়, তা নিয়ে ভয়ে আছি।’শহরের লোকজন জানিয়েছেন, আল শাবাবের জঙ্গিরা পালিয়ে যাওয়ার পর এক ব্যক্তি উল্লসিত হয়ে চিত্কার করতে থাকেন। এ সময় দুজন মুখোশধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি মারা যান।কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস ওগুনা বলেন, তাঁর লোকেরা এখন পর্যবেক্ষণ করার চেষ্টা করছে আল শাবাবের জঙ্গিরা সত্যিই ভেগে গেছে কি না। জঙ্গিরা যদি সত্যিই পালিয়ে যায়, তবে সেনাদের অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া হবে।আল শাবাব গত ফেব্রুয়ারি মাসে আল-কায়েদার সঙ্গে একীভূত হয়। এক বছর ধরে তাদের দখল করা এলাকায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী ও সোমালিয়ার সেনাদের হামলায় জঙ্গিরা বেশ দুর্বল হয়ে পড়ে।