সোমালিয়া বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি: কেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়া বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হলেও আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে চূড়ান্ত অবহেলা করছে বলে অভিযোগ করেছেন কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোসেস ওয়াটানগুলু। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে এসে ওয়াটানগুলু গতকাল শুক্রবার এ কথা বলেন।তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সুদানের সংঘাত, আফগান যুদ্ধ, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এমনকি মেক্সিকোর মাদকবিরোধী অভিযান নিয়ে বিশ্ব সম্প্রদায় ব্যস্ত। সোমালিয়ার সংঘাতময় পরিস্থিতি বারবার তাঁদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছে। অথচ প্রায় আইনশৃঙ্খলাবিহীন এই দেশটি পুরো আফ্রিকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, সোমালিয়া ইতিমধ্যেই ইসলামি জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিরোধহীন হওয়ার কারণে ইসলামি জঙ্গিরা দেশটির পশ্চিমা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোরও পরিকল্পনা করছে।কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানি, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কোটি কোটি ডলার ব্যয় করছে। অথচ সোমালিয়ার স্থিতিশীলতার জন্য আমরা কেবল একবার ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের তা দেয়নি। যখনই সোমালিয়াকে স্থিতিশীল করার কথা উঠেছে, তখনই আন্তর্জাতিক সম্প্রদায় সচেতনভাবে তা এড়িয়ে গেছে।’ওয়াটানগুলু আরও অভিযোগ করেন, ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্র সোমালিয়ার সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবয়ন খুবই নগণ্য। তিনি জানান, ১৯৯২ সালে সোমালিয়ায় জাতিসংঘের অধীনে মার্কিন সেনা অভিযান ব্যর্থ হওয়ার পর থেকে সোমালিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নির্লিপ্ততা লক্ষণীয়। এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে সোমালিয়ার সরকারের জন্য সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ে সহযোগিতা চেয়েছেন। তিনি এ বছর সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী ২৩ সেপ্টেম্বর সোমালিয়ার ওপর একটি সভারও আয়োজন করেছেন।সোমালিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে উগান্ডা ও বুরুন্ডি থেকে আফ্রিকা ইউনিয়নের প্রায় ৭২০০ শান্তিরক্ষীকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মোতায়েন করা হয়েছে। তাঁরা সোমালিয়ার প্রধান বিমানবন্দর ও সমুদ্রবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত রয়েছেন। এর পাশাপাশি তাঁরা সোমালিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। গত ১১ জুলাই উগান্ডার রাজধানী কাম্পালাতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ৭৯ জন নিহত হয়। এই হামলার জন্য সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল সাবাবকে দায়ী করা হচ্ছে। কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মতে , উগান্ডায় বোমা বিস্ফোরণের পর থেকে পূর্ব আফ্রিকার দেশগুলোতে আল সাবাবের তত্পরতার ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে।১৯৯১ সালে সোমালিয়ার সামরিক শাসক মোহাম্মদ সাইদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে অস্থিরতা লেগে আছে। তা ছাড়া দেশটির উপকূলীয় অঞ্চলে রয়েছে জলদস্যুদের ব্যাপক উত্পাত। আল সাবাব তিন বছর ধরে দেশটির অন্তর্বর্তীকালীন দুর্বল সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি রাজধানী মোগাদিসু এবং দক্ষিণ ও মধ্য সোমালিয়ার সিংহভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। —রয়টার্স