সোমালিয়াকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র
সোমালিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল যুক্তরাষ্ট্র। দুই দশকের অধিক সময় পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এ স্বীকৃতি দিল। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ঘোষণা দেন। ঘোষণার সময় হিলারির পাশে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ উপস্থিত ছিলেন।ভয়েস অব আমেরিকার এক খবরে বলা হয়, ১৯৯১ সালে সোমালিয়ার শাসক মোহাম্মেদ সাঈদবারে পদচ্যুত হন। এরপর থেকে এত দিন সোমালিয়া সরকারকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র।সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেন, ‘সোমালিয়ায় একটি নতুন যুগের সূচনা হলো। সোমালিয়া অনেক কঠিন সময় পেরিয়ে এসেছে। এই স্বীকৃতির মাধ্যমে আমরা অস্থিতিশীলতা, উগ্রতা ও দস্যুতা রোধ করে সোমালিয়ায় শান্তি স্থাপন করব।’হিলারি ক্লিনটন বলেন, ‘শান্তি স্থাপনের জন্য সোমালিয়া সরকার ও জনগণ অনেক সংগ্রাম করেছে। তাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ। তার পরও আমরা তাদের সুন্দর ভবিষ্যতের একটি সুস্পষ্ট ভিত্তি দেখতে পাচ্ছি।’যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে এখন বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সোমালিয়ার সুসম্পর্ক স্থাপিত হলো।