সোমালিয়ার জলদস্যুরা সুযোগ করে দিয়েছে অনেক ব্যবসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব সাগরে জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। সোমালিয়ার জলদস্যুরা জাহাজ জিম্মি করে আর আটক নাবিকদের মাসের পর মাস খাবার ও জাহাজে জ্বালানি সরবরাহ, জলদস্যুদের সঙ্গে সমঝোতা, মুক্তিপণের টাকা পৌঁছে দিতে হেলিকপ্টার ভাড়াসহ নানা কাজ করে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক স্বার্থে জলদস্যুদের উৎসাহিত করে—এমন অভিযোগও রয়েছে।জলদস্যুদের কবল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি গত শনিবার প্রথম ওমানের সালালাহ বন্দরে পৌঁছায়। জাহাজের নাবিকদের সঙ্গে কথা বলতে আসেন জলদস্যুদের সঙ্গে মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রথম আলোর সঙ্গে আলাপকালে কিছু সংস্থার প্রতিনিধিরা স্বীকার করেন, ইতিমধ্যে তাঁরা কয়েকটি জাহাজ ছাড়িয়ে আনতে সহায়তা দিয়েছেন। এ ধরনের একটি প্রতিষ্ঠান এনওয়াইএ ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটির পরামর্শক ব্রেডলি অ্যালেন বলেন, তাঁকে প্রায়ই সালালাহতে আসতে হয়। ইতিপূর্বে চারটি জাহাজের মুক্তির ব্যাপারে তার প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে। আমেরিকান ক্লাব নামে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি প্রতিষ্ঠানও দস্যুদের সঙ্গে মধ্যস্থতার কাজ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হংকংভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান জলদস্যুদের কাছে মুক্তিপণের অর্থ পৌঁছে দেওয়ার কাজ করে। এসব প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব উড়োজাহাজ ও হেলিকপ্টার। এগুলো জলদস্যুদের কাছে ইতিমধ্যে পরিচিতি হয়ে উঠেছে। জাহান মণির মুক্তিপণের অর্থ পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করে এসএফআই। এ প্রতিষ্ঠানের একটি বড় উড়োজাহাজ প্রায় পৌনে পাঁচ কেজি ওজনের মার্কিন ডলারভর্তি কমলা রঙের পানি প্রতিরোধক দুটি থলে নিয়ে প্রথমে কেনিয়ার রাজধানী নাইরোবি যায়। সেখান থেকে ছোট উড়োজাহাজে করে সোমালিয়ার কারাগাত উপকূলে আটক জাহান মণিতে অর্থ পাঠানো হয়। জাহান মণির নাবিক মো. ইলিয়াস বলেন, ‘ছোট উড়োজাহাজ চার-পাঁচবার চক্কর মেরে টাকাভর্তি থলে দুটি পানিতে প্যারাসুট দিয়ে নামিয়ে দেয়। এর আগে দস্যুরা আমাদের বন্দিকক্ষ থেকে বের করে খোলা জায়গায় লাইনে দাঁড় করায়। মনে হলো উড়োজাহাজ থেকে আমাদের ছবি তোলা হলো। এরপর ডলারের থলে দুটি পানিতে ফেলা হয়। জলদস্যুরা থলে দুটি জাহাজে এনে ডলার ভাগ-ভাটোয়ারা করে নেয়।’সূত্র জানায়, জাহাজের তেল, পানি এবং নিরাপত্তা দেওয়ার কাজ করে কিছু চীনা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নিজস্ব বৈধ অস্ত্রশস্ত্র, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং বিশেষায়িত জাহাজ আছে। জাহান মণি ফিরে আসার পথে এ ধরনের একটি জাহাজ ও নিরাপত্তাকর্মীর সহায়তা নেয়। জাহান মণির মালিক মো. শাহজাহানও বিষটিয় নিশ্চিত করে বলেন, এ জন্য ওই প্রতিষ্ঠানকে তাঁদের প্রায় দেড় কোটি টাকা দিতে হয়েছে। আবার জলদস্যুতার কাজ করে অনেকে দ্রুত কোটিপতি হয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স গত ১০ মার্চ সোমালিয়ার বোসাসো থেকে সায়েদ ইয়ারি (২৭) নামের সোমালিয়ার এক জলদস্যুর সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে। সায়েদ বার্তা সংস্থাকে বলে, ২০১০ সালে আটক চার জাহাজের মুক্তিপণ আদায়ের ভাগ থেকে তার আয় ছিল ২০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ১৫ কোটি টাকা)। জেলে পরিবারের সন্তান সায়েদ ২০০৯ সালে জলদস্যুদের দলে যোগ দেয়। সোমালিয়ায় জলদস্যুতা করে তাঁর মতো অনেকে কোটিপতি হয়েছে।মুক্তিপণ তিন ভাগ: কোনো জাহাজ আটক করা থেকে ছাড়া পর্যন্ত জলদস্যুদের অন্তত তিনটি দল দায়িত্বে থাকে। এসব দলের মধ্যে মুক্তিপণের টাকা ভাগ হয়। যে দল প্রথম জাহাজ আক্রমণ করে সোমালিয়ার উপকূল পর্যন্ত নিয়ে যায় সেই দল ৫০ শতাংশ পায়। এ দলের যে সাহস করে প্রথম জাহাজে ওঠে, তাকে আলাদা ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। জাহান মণিতে প্রথম ওঠায় ১০ হাজার মার্কিন ডলার পায় মেরি। আবার আটক জাহাজ পাহারার দায়িত্ব থাকে আরেকটি দল। এই দলটি পায় ১৫ শতাংশ। এ দলের নেতা ছিল আবদুর রশিদ। আরেকটি দল আটক জাহাজের তেল-পানি, খাবার এবং প্রয়োজনে অস্ত্রশস্ত্র সরবরাহ করে। এ দলটি মুক্তিপণের প্রায় ৩৫ শতাংশ ভাগ পায়। এ দলের নেতা ছিল আবু লাহাব।জাহান মণির সাবেক ক্যাপ্টেন ফরিদ আহমদ প্রথম আলোকে জানান, তাঁদের জাহাজ সোমালিয়ার উপকূলে পৌঁছার পর সন্ধ্যা থেকে অন্য একদল জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে উপকূল থেকে জাহান মণিতে চারটি মেশিন গান পাঠানো হয়। মেশিনগান থেকে গুলি ছোড়া হলে প্রতিপক্ষ পালিয়ে যায়। জাহান মণির সাবেক প্রধান প্রকৌশলী মতিউল মাওলা বলেন, ‘জলদস্যুদের নেতা মেরি ৮০ হাজার এবং তার বস লিয়ন এক লাখ মার্কিন ডলার পেয়েছে বলে আমরা জেনেছি।’জানা গেছে, লিয়ন জাহান মণির মুক্তির ব্যাপারে জলদস্যুদের পক্ষে জাহাজ মালিকের প্রতিনিধির সঙ্গে মধ্যস্থতা করে। ইংরেজি ও হিন্দি ভাষায় পারদর্শী লিয়ন এক সময় দুবাইয়ে একটি শিপিং কোম্পানিতে চাকরি করত। পরে নিজ দেশ সোমালিয়ায় গিয়ে এই কাজ শুরু করে।