সোমালিয়ার দুটি এলাকায় দুর্ভিক্ষ চলছে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সোমালিয়ার দুটি এলাকায় দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। আজ বুধবার জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।জাতিসংঘের ওই বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, দক্ষিণ সোমালিয়ার ব্যাকুল ও শাবেলির নিম্নাঞ্চলে দুর্ভিক্ষ-পরিস্থিতি বিদ্যমান। সেখানকার মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং এরই মধ্যে হাজার হাজার মানুষ অপুষ্টিতে প্রাণ হারিয়েছে।তবে জাতিসংঘ বলেছে, সেখানে সাহায্যকর্মীদের প্রবেশের জন্য আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে তারা যথেষ্ট নিরাপত্তার নিশ্চয়তা চায়।এ এলাকাটি দীর্ঘদিন ধরে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-সাবাব জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। দুই বছর আগে তারা সেখানে সব ধরনের সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করে। তবে চলতি মাসে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।গত ১৯ বছরের মধ্যে সোমালিয়ায় এই প্রথম দুর্ভিক্ষ দেখা দিল। ক্ষুধার কারণে যদি প্রতিদিন কোনো এলাকায় প্রতি ১০ হাজারে দুজন প্রাপ্তবয়স্ক বা চার শিশু মারা যায় এবং সংশ্লিষ্ট এলাকার মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি অপুষ্টিতে ভোগে, তা হলে ওই এলাকায় দুর্ভিক্ষ বিরাজ করছে বলে বিবেচনা করা হয়।জাতিসংঘের কর্মকর্তা মার্ক বোউডেন জানিয়েছেন, সোমালিয়ায় অপুষ্টির হার বিশ্বে সর্বোচ্চ।