সোমালিয়ায় আত্মঘাতী বোমায় নিহত ১৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৭ ব্যক্তি নিহত ও বহু আহত হয়েছে। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। আল জাজিরা অনলাইন এ খবর প্রকাশ করেছে।পুলিশ জানায়, মোগাদিসুতে একটি হোটেলের কাছে গাড়িবোমা হামলার ঘটনাটি ঘটে। সেখানে ওই সময় স্থানীয় রাজনীতিবিদেরা অবস্থান করছিলেন। হাসান আলী নামে পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা নয়টি লাশ সরিয়েছি। উদ্ধার করেছি ৩৪ জন আহত ব্যক্তিকে। তবে কোনো আইনপ্রণেতার প্রাণহানির খবর পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’হাসান আলী আরও বলেন, হোটেল মুনার কাছে একটি ক্যাফেতে ঝড়ের বেগে ওই গাড়িটি প্রবেশ করে। একইভাবে ২০১০ সালের আগস্টে সোমালিয়ায় আল শাবাব যোদ্ধাদের এক হামলায় ৩০ জনেরও বেশি নিহত হয়েছিল।এদিকে কেনিয়ার প্রতিরক্ষাবাহিনী গতকাল বুধবার বলেছে, সোমালিয়ার দক্ষিণাঞ্চলে তারা ১৩ জন আল শাবাব যোদ্ধাকে হত্যা করেছে।