সোমালিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
পূর্ব আফ্রিকা অঞ্চলের আল-কায়েদার শীর্ষ নেতা ফাজুল আবদুল্লাহ মোহাম্মদ চলতি সপ্তাহের শুরুর দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমালিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা হালিমা এডেন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আল-কায়েদার শীর্ষ নেতা মোহাম্মদ এ সপ্তাহে মোগাদিসুতে একটি পুলিশ তল্লাশিকেন্দ্রে নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শনিবার বলেছেন, মোহাম্মদের মৃত্যু আল-কায়েদা, এর সহযোগী এবং পূর্ব আফ্রিকা অঞ্চলে তাদের তত্পরতার জন্য একটি বড় ধাক্কা।হিলারি বলেছেন, ‘এটা এক সন্ত্রাসীর মৃত্যু; যিনি তানজানিয়া, কেনিয়া ও সোমালিয়ায় অনেক মানুষকে হত্যা করেছেন। অনেক নিরীহ মানুষের কাছে তিনি এক বেদনার নাম।’ফাজুল আবদুল্লাহ মোহাম্মদকে পূর্ব আফ্রিকা অঞ্চলে আল-কায়েদার এক ভয়ংকর জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা ও মানুষ হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকার কয়েকটি দেশের মার্কিন দূতাবাসে বোমা হামলা চালিয়ে ২২৪ জন মানুষ হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তাঁকে অভিযুক্ত করা হয়। তাঁর মাথার মূল্য ৫০ লাখ ডলার ঘোষণা করা হয়েছিল।