সোমালিয়ায় জঙ্গি হামলায় ৬ এমপি নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে পার্লামেন্টের ছয় সদস্যসহ (এমপি) কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি হোটেলে ওই হামলা চালানো হয়। সেনাবাহিনীর পোশাক পরে জঙ্গিরা হোটেলটিতে প্রবেশ করে বলে কর্মকর্তারা জানান।আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থী গোষ্ঠী আল-সাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীটি তিন বছর পশ্চিমা-সমর্থিত বর্তমান সরকারের সঙ্গে লড়াই করে যাচ্ছে। এ লড়াইয়ে ইতিমধ্যেই ২১ হাজারের বেশি লোক নিহত হয়েছে। পশ্চিমা ও আফ্রিকান ইউনিয়ন-সমর্থিত ক্ষমতাসীন সরকার এ হামলার নিন্দা করেছে। সোমালিয়ার উপপ্রধানমন্ত্রী আব্দিরহমান হাজি আদনান ইব্বি বলেছেন, আচমকা ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পার্লামেন্ট সদস্য এবং সোমালিয়া সরকারের পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।তথ্যমন্ত্রী আব্দিরহমান ওসমান বলেছেন, হামলায় তিন জঙ্গি অংশ নেয়। তাদের মধ্যে একজনকে নিরাপত্তা কর্মকর্তারা আটক করতে সক্ষম হয়েছেন। বাকি দুজন ছিল আত্মঘাতী বোমা হামলাকারী। তারা হোটেলের ভেতর ঢুকে নিজেদের উড়িয়ে দেয়।নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলার শিকার হওয়া হোটেলটির নাম মুনা। এটি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত। এ এলাকায় ৩০০-এর বেশি সাবাব জঙ্গি ছদ্মবেশে দোকান-রেস্তোরাঁয় কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা প্রথমে হোটেলের নিরাপত্তারক্ষীদের ওপর গুলিবর্ষণ করে। এরপর তারা হোটেলের তৃতীয় ও চতুর্থ তলায় প্রবেশ করে। একপর্যায়ে এক জঙ্গি সঙ্গে থাকা বিস্ফোরক-বেল্টে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। কিন্তু তার বেল্ট বিস্ফোরিত না হওয়ায় পাশের জঙ্গি তার বেল্টে বিস্ফোরণ ঘটায়। এতে দুজনের দেহই ছিন্নভিন্ন হয়ে যায়। এএফপি, রয়টার্স