সোমালিয়ায় দুটি বেতারকেন্দ্রের দখল নিয়েছে ইসলামি জঙ্গিরা
ইসলামি জঙ্গিরা সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে অবস্থিত দেশের প্রধান দুটি বেতারকেন্দ্র ‘হর্ন আফ্রিক’ ও ‘জিবিসি’ দখল করে নিয়েছে। চরমপন্থী সংগঠন আল-শাবাব ও হিজবুল ইসলামের জঙ্গিরা গত শনিবার রাতে অভিযান চালিয়ে বেতারকেন্দ্র দুটির দখল নেয়।জঙ্গি গ্রুপগুলো দেশটির পশ্চিমা বিশ্ব-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে উত্খাত করতে গণমাধ্যমকে টার্গেট করেছে। তাঁরা সাংবাদিক হত্যা ও গণমাধ্যম দখল করে নিজেদের মতবাদ প্রচার করার লক্ষ্য নিয়ে কাজ করছে। আল-শাবাবের জঙ্গিরা প্রথমে রাজধানী মোগাদিসুতে দেশটির বহুল পরিচিত ও জনপ্রিয় বেতারকেন্দ্র হর্ন আফ্রিকের সদর দপ্তরে হামলা চালিয়ে তা দখল করে। দ্বিতীয় বেতারকেন্দ্র জিবিসির সদর দপ্তরের দখল নেয় হিজবুল ইসলামের যোদ্ধারা।রাজধানী মোগাদিসুর অধিবাসীরা দেশের অব্যাহত সহিংসতার সংবাদের ব্যাপারে বেতারকেন্দ্রগুলোর ওপর অনেকটা নির্ভরশীল।এর আগে গত মে মাসে সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও মোগাদিসুর এক সাংবাদিককে আল-শাবাবের জঙ্গিরা গুলি করে হত্যা করে। গত আগস্টে রেডিও হারমার ব্যবস্থাপক সন্ত্রাসীদের গুলিতে মারা যান। গত বছরও দেশটিতে অন্তত নয় জন সাংবাদিক মারা যান।আল-শাবাব সংগঠনটি বর্তমান সরকারকে হটিয়ে সেখানে ইসলামি আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এই গ্রুপটির সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যভাগের বেশ কিছু এলাকা এই গ্রুপটির নিয়ন্ত্রণে রয়েছে। সোমালিয়ায় বর্তমানে ছয় হাজার আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। বিবিসি।