সোমালিয়ায় পৌঁছে গেছে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মনি’ আজ শুক্রবার রাতের মধ্যে সোমালিয়ার উপকূলে পৌঁছে গেছে বলে উপগ্রহ পর্যবেক্ষণে দেখা গেছে। তবে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই হওয়া জাহাজ সচরাচর যে এলাকায় নোঙর করে রাখে, বাংলাদেশি জাহাজটিকে তার চেয়ে আরও নিচের (দক্ষিণে কেনিয়া) দিকে নিয়ে গেছে বলে জানা যায়। কাল-পরশুর মধ্যে জলদস্যুরা জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি-দাওয়া কিংবা মুক্তিপণের বিষয়টি জানাতে পারে—এমনটিই মনে করছেন জাহাজটির মালিক। গত রোববার বিকেলে জাহাজটি আরব সাগরের ভারতীয় উপকূলের কাছে জলদস্যুকবলিত হয়। জলদস্যুদের দখলে যাওয়ার পর জাহাজটি একটানা চার ঘণ্টা ঘটনাস্থলেই ঘুরপাক খায়। পরে জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যেতে থাকে। এই জাহাজে ২৬ জন বাংলাদেশি নাবিক আছেন। জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রীও জাহাজে আছেন। জিম্মি নাবিকদের অবস্থা সম্পর্কে আজ রাত পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানা যায়নি। জাহাজের মালিক উপগ্রহ ফোন, ফ্যাক্স এবং টেলেক্সের মাধ্যমে জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। জাহাজটির মালিক মো. শাহজাহান আজ প্রথম আলোকে বলেন, ‘জাহাজ এবং এর ২৬ নাবিকের ভাগ্যে কী ঘটেছে তা ঘটনার পাঁচ দিন পরও আমাদের কাছে স্পষ্ট নয়। জাহাজের উপগ্রহ ফোন সকালে ব্যস্ত পাওয়া গেছে। বিকেলে রিং হলেও অপর প্রান্ত থেকে কেউ ফোন ধরছেন না। ফলে জাহাজে আসলে কী হচ্ছে, তা জানা সম্ভব হচ্ছে না। তবে জাহাজটি যে সোমালিয়ার নিচের দিকে পৌঁছে গেছে, সে ব্যাপারে আমরা নিশ্চিত।’এদিকে দূরপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার ব্যস্ত ও নিয়মিত একমাত্র রুট থেকে জাহাজ ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ রকম নিরাপদ রুট থেকে একটি জাহাজ জলদস্যুরা নিয়ে যাওয়ার ঘটনা আগে ঘটেনি। জাহাজটি দ্রুত উদ্ধারে দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে যে ধরনের তত্পরতা শুরুর কথা ছিল, তা লক্ষ করা যায়নি।