সোমালিয়ায় বোমা হামলায় ফুটবল ও অলিম্পিক প্রধান নিহত
সোমালিয়ার অস্থিতিশীল পরিস্থিতি রেহাই দিল না দেশটির ফুটবল ফেডারেশন ও অলিম্পিক কমিটির সভাপতিকেও। আজ বুধবার রাজধানীর মোগাদিশুর এক থিয়েটার হলে সংঘটিত বোমা হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির এই দুই ক্রীড়াব্যক্তিত্ব। এই দুজন ছাড়াও এই হামলায় প্রাণ গেছে আরও আট ব্যক্তির। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০। খবর বিবিসি অনলাইনের।সোমালিয়ার প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ আলী বিস্ফোরণের সময় সেই থিয়েটার হলের অনুষ্ঠানটিতে ছিলেন বলে জানা গেছে। তবে তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন।জানা গেছে, প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ আলী ফুটবল ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নূর ও অলিম্পিক কমিটির সভাপতি এডেন ইয়াবরু উইলিশকে সঙ্গে নিয়ে সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।দেশটির বিদ্রোহী ইসলামী জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।